নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধী বললে ২০৪ শব্দ বাদ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রায় একই কথা বলার পরেও কেন নয়? লোকসভা সচিবালয়ের বিরুদ্ধে এমনই প্রশ্ন তুলে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হল কংগ্রেস। গত বুধবার লোকসভায় বাজেট আলোচনায় অংশ নিয়ে মোদি সরকারের প্রবল সমালোচনা করেছিলেন রাহুল। যদিও সেই সমালোচনার যাবতীয় অংশ লোকসভার বিবরণী থেকে বাদ দিয়ে দেয় সচিবালয়। দুপুর ১টা ৫৯ মিনিটে তাঁর বক্তৃতা শেষ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। রাত ৯টা ২৮ মিনিটে সচিবালয় সেই বক্তব্য থেকে ‘আপত্তিকর’ ২০৪টি শব্দ বাদ দিয়ে দেয়। আর এই যুক্তিকেই অস্ত্র করে পালটা বৃহস্পতিবার সরব হল কংগ্রেস। এক প্রশ্নের উত্তরে সংসদ চত্বরে দাঁড়িয়ে কেরলের সাংসদ তথা এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের সওয়াল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও তো তাঁর জবাবি ভাষণে রাহুল গান্ধী তথা কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে একই শব্দ ব্যবহার করেছেন। তাঁর বক্তব্য থেকে সেগুলি কেন কাটা হল না? কারণ, সরকার পক্ষপাতদুষ্ট। এই কারণেই আমরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে পদচ্যুত করার উদ্যোগ নিয়েছি। প্রমাণ হচ্ছে, বিরোধীদের ওই উদ্যোগ সঠিক।



