নয়াদিল্লি ও গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি: আজ, শনিবার ফের ভোটমুখী অসম সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ উত্তর-পূর্বের আর এক রাজ্য মণিপুরে যাওয়ার তাঁর সময় নেই। যা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগল কংগ্রেস। কেটে দিল অসম থেকে মণিপুর যাওয়ার বিমানের টিকিট।
২০২৩ সাল থেকে জাতিগত হিংসায় জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যটি। প্রাণ গিয়েছে হাজারের বেশি মানুষের। রাষ্ট্রপতি শাসনের পর্ব কাটিয়ে সেখানে সদ্য সরকার গঠিত হলেও হিংসা বন্ধ হয়নি। গত আড়াই বছরের বেশি সময় দেশ-বিদেশে সফরে গেলেও একবারের জন্যও মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন প্রকল্প উদ্বোধনে আজ, শনিবার ফের ভোটমুখী অসমে এসেছেন প্রধানমন্ত্রী। এমনই এক দিনে মণিপুর ইস্যুতে তাঁকে তোপ দাগল কংগ্রেস। প্রধানমন্ত্রী মোদির নামে অসম থেকে মণিপুরের একটি বিমানের টিকিট কেটে দিয়েছে রাহুল গান্ধীর দল। গুয়াহাটি থেকে ইম্ফলের উড়ানের সেই টিকিট ও মণিপুরের হিংসার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস নেতা পবন খেরা।
সেইসঙ্গে একটি দীর্ঘ পোস্টে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘ভোটমুখী রাজ্যগুলিই যে আপনার অগ্রাধিকার তা আমরা বুঝি। কিন্তু মণিপুরকে ব্রাত্য রাখা উচিত নয়। রাজ্যটি ২০২৩ সাল থেকে জ্বলছে।’ তাঁর আরও সংযোজন, ‘আপনি এখন অসমে আছেন। এখান থেকে মণিপুর মাত্র এক ঘন্টা দূরে। দয়া করে সেখানেও যান। প্রধানমন্ত্রীর উপস্থিতি মণিপুরের জনগণকে ভরসা জোগাবে।’