


বার্মিংহাম: শেষ হইয়াও হইল না শেষ। বরং বুমরাহকে নিয়ে জল্পনা আরও তীব্র হল। সোমবার এজবাস্টনে ভারতীয় দলের সহকারি কোচ রায়ান ডয়েশকাটেকে জিজ্ঞাসা করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে বুমরাহ কি খেলবেন? জবাবে তিনি বলেন, ‘বুমরাহর খেলায় কোনও সমস্যা নেই। তবে আমরা ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি। শেষ মুহূর্তে ঠিক হবে।’ অর্থাৎ টসের পরেই হয়তো জানা যাবে ‘বুমবুম’ মাঠে নামবেন কিনা।
আসলে দ্বিতীয় টেস্টে বুমরাহর খেলা বা না-খেলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনে রয়েছে একাধিক কারণ। টিম ইন্ডিয়া প্রথম টেস্ট হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে। হেডিংলেতে ‘বুমবুম’ ছাড়া ভারতীয় বোলিংকে বড়ই সাদামাটা লেগেছিল। সমতা ফেরানোর লড়াইয়ে তাই বুমরাহকে খুবই দরকার। কিন্তু তাঁর ওয়ার্কলোডের ব্যাপারটিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বুমরাহ আগেই জানিয়েছেন, তিনি পাঁচটি টেস্ট খেলবেন না। পরে কোচ গম্ভীর স্পষ্ট করেছিলেন, তিনটি ম্যাচে খেলানো হবে ভারতের তারকা পেসারকে। ইতিমধ্যেই একটি টেস্ট খেলে ফেলেছেন তিনি। তৃতীয় টেস্ট হবে লর্ডসে। ঐতিহাসিক এই মাঠে বুমরাহর উপস্থিতি প্রত্যাশিত। তাই অনেকেই মনে করছিলেন, এজবাস্টনে বুমরাহকে হয়তো বিশ্রাম দেওয়া হবে। সেই সম্ভাবনা জোরালো হয় ভারতীয় দলের অনুশীলনে আকাশ দীপ, অর্শদীপ সিং’দের বাড়তি বোলিং করতে দেখে।
তবে সোমবারও অনুশীলনে বুমরাহ ছিলেন চনমনে। নেটে হাতও ঘুরিয়েছেন। আসলে তরতাজা হয়ে ওঠার জন্য প্রথম টেস্টের পর পর্যাপ্ত সময় পেয়েছেন তিনি। তাই এজবাস্টনে বুমরাহকে পাওয়ার ব্যাপারে আশাব্যঞ্জক মন্তব্য করেছেন সহকারি কোচ। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। তিনি হয়তো বুমরাহর মতামতও জানতে চাইবেন। তাই পরেই প্রথম একাদশে সিলমোহর পড়বে। কিন্তু বুমরাহ অন্য ধাতের ক্রিকেটার। তাঁর কাছে দেশ আগে। টিম ইন্ডিয়া সিরিজে পিছিয়ে থাকায় বুমরাহ দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। সেই সম্ভাবনাই আপাতত জোরালো লেগেছে রায়ান ডয়েশকাটের বক্তব্যে।
সোমবার অনুশীলনের শুরুতে অনেকটা সময় ধরে পিচ দেখেন কোচ গম্ভীর। তাঁর সঙ্গে ছিলেন ক্যাপ্টেন শুভমান গিলও। তাঁদের মধ্যে আলোচনাও হয়। তবে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার হারের পিছনে ক্যাচ মিস ছিল অন্যতম কারণ। যশস্বী জয়সওয়াল একাই চারটি ক্যাচ ফেলেছিলেন। প্রবল চাপে তিনি। অনুশীলনে আলাদা করে ক্যাচ প্র্যাকটিস করতে দেখা গেল তাঁকে। আরও তাৎপর্যপূর্ণ হল, প্র্যাকটিসে স্লিপ কর্ডনে জায়গা হয়নি যশস্বীর। তাঁর জায়গা নেন সাই সুদর্শন। প্রথন তিনটি স্লিপে দাঁড়ান করুণ নায়ার, লোকেশ রাহুল ও গিল।
ভারতীয় দলের অনুশীলন দেখে মনে হয়েছে কমপক্ষে তিনটি পরিবর্তন হতে চলেছে চূড়ান্ত দলে। খুব সম্ভবত দলে আসতে চলেছেন নীতীশ রেড্ডির। সেই ইঙ্গিত দিয়েছেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ। আসলে নীতীশ খেললে ভারতের ব্যাটিং হবে শক্তিশালী। তিনি বলও করতে পারেন। আকাশ দীপের খেলার সম্ভাবনাও জোরালো। বাংলা দলের পেসারটি এদিন নেটে দীর্ঘ সময় হাত ঘোরালেন। পাশাপাশি নজর ছিল কুলদীপ যাদবের উপরও। দুই স্পিনার নিয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন ডয়েশকাটে। সেক্ষেত্রে স্পেশালিস্ট স্পিনার হিসেবে তিনি খেলতেই পারেন। অবশ্য ব্যাটিং গভীরতার বিচারে ওয়াশিংটন সুন্দরের নামও ভাসছে।