নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রাণ হতে নিয়েই আসানসোল ও দুর্গাপুর দুই মেগা সিটিতেই চলছে গ্যাস রিফিলিংয়ের বিপজ্জনক কারবার। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাকে সঙ্গী করেই জনবহুল এলাকায় গড়ে ওঠে গ্যাস রিফিলিংয়ের দোকান। পুলিসের ধারাবাহিক অভিযানের পরও রাশ টানা যাচ্ছে না এই অবৈধ কারবারে। বিভিন্ন ভাবে গ্যাস সিলিন্ডার ম্যানেজ করে তা ছোট গ্যাস সিলিন্ডারে ঢোকানোর কারবার চলছে রমরমিয়ে। বুধবাব আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায় দুর্গাপুরের কোকওভেন থানার লিলুয়াবাঁধ ইরানি পাড়ায়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় সাতটি ডোমেস্টিক ব্যবহারের গ্যাস সিলিন্ডার, একটি রিফিলিং পাইপ ও একটি ফাঁকা গ্যাস সিলিন্ডার। দোকান মালিক বীরচন্দ্র পাসওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।



