নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ৮০ হাজার ৩৭৫টি স্কুল অবশেষে কম্পোজিট গ্রান্ট পেতে চলেছে। স্কুলশিক্ষা দপ্তর সূত্রের খবর, এজন্য বরাদ্দ হয়েছে ২৯৬ কোটি টাকা। কেন্দ্রের তরফে সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ হিসাবে প্রায় ২৭০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর ফলে স্কুলগুলিকে সেই টাকা মিটিয়ে দিতে চলেছে সরকার।
প্রসঙ্গত, এই কম্পোজিট গ্রান্টের টাকা থেকেই স্কুলগুলি দৈনন্দিন খরচ চালায়। ছোটোখাটো খরচ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা এবং পরিকাঠামো খাতেও ব্যয় করা হয়ে থাকে এই টাকা। এখন সারাবছরই নানা সরকারি অনুষ্ঠান করতে হয় স্কুলগুলিকে। সেখানেও এই অর্থ প্রয়োজন। তবে, কেন্দ্রীয় অনুদান বন্ধ থাকায় এই টাকা একেবারেই অনিয়মিত হয়ে পড়েছিল। তৃণমূল সরকার রাজ্য কোষাগার থেকে প্রাপ্যের ২৫ শতাংশ করে একাধিক ধাপে এই টাকা দিয়েছিল। তবে তা ছিল একেবারেই অকিঞ্চিৎকর। এবার পুরো টাকা ঢুকলে অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলবে স্কুলগুলি। প্রসঙ্গত, ছাত্রসংখ্যার নিরিখে বছরে ১০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা গ্রান্ট পেয়ে থাকে স্কুলগুলি।