সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের একটি হোটেলে দেহ ব্যবসা চলার খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালাল পুলিস। সেখান থেকে দুই যুবতীকে উদ্ধার করা হয়েছে। তাদের ঘুরতে নিয়ে আসার নাম করে জোর করে দেহ ব্যবসা করানো হচ্ছিল বলে অভিযোগ। হোটেল মালিক সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। আজ, বুধবার অভিযুক্তদের বোলপুর আদালতে তোলা হবে বলে পুলিস জানিয়েছে।
রাজ্যের পর্যটন মানচিত্রে শান্তিনিকেতন অন্যতম গুরুত্বপূর্ণ। শহরের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো কয়েক হাজার হোটেল, রিসর্ট ও হোম-স্টে গজিয়ে উঠেছে। অভিযোগ, আবাসিক এলাকায় পুরসভা ও প্রশাসনের অনুমোদন ছাড়াই অনেকে হোটেল, রিসর্ট তৈরি হয়েছে।
পৌষমেলা, বসন্ত উৎসবের মতো শান্তিনিকেতনের মেগা ইভেন্টে সেখানে ভিড় হলেও বছরের বাকি সময় মাছি তাড়ানোর অবস্থা হয়। বিকল্প আয়ের ব্যবস্থা করতে হোটেল ও রিসর্ট মালিকদের একাংশ অবৈধভাবে দেহ ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ। পর্যটকদের মনোরঞ্জনের পাশাপাশি স্থানীয় কিছু যুবকও সেই সমস্ত হোটেলে নিয়মিত যাতায়াত করে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার শান্তিনিকেতনের ফুলডাঙার একটি হোটেলে হানা দেয় পুলিস। দেহ ব্যবসার ঘটনা হাতেনাতে ধরা পড়ে। হোটেল মালিক দেবাশিস সামন্ত ও তিন যুবককে গ্রেপ্তার করে পুলিস। শান্তিনিকেতন থানার এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। উদ্ধার হওয়া ওই যুবতীদের গোপন জবানবন্দি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে এক পুলিস আধিকারিক জানিয়েছেন। এই ধরনের অভিযান আগামীদিনেও হবে বলে পুলিস সূত্রে জানানো হয়েছে।