নিজস্ব প্রতিনিধি কলকাতা: এসআইআরে নাম বাদ যাওয়ায় ভোগান্তি অব্যাহত! বাবার নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। তাই ছেলেকে ইডব্লুএস সার্টিফিকেট দিতে অস্বীকার করা হয়েছে। অভিযোগ এমনই। অন্যদিকে, আরও একটি মামলায় মায়ের নাম এসআইআর তালিকায় না-থাকায় পাসপোর্ট না পেয়ে আদালতের দ্বারস্থ হন এক যুবক। উভয় মামলাতেই রাজ্যের কাছে জবাব চেয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
প্রথম ক্ষেত্রে মামলাকারীর অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাবার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কারণে তাঁর ছেলেকে ইডব্লুএস সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আবেদনকারীর ছেলে একটি সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। কিন্তু ইডব্লুএস সার্টিফিকেট না-পাওয়ায় তিনি পরবর্তী ধাপে এগোতে পারছেন না। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির আরজি জানানো হয়। এই মামলায় রাজ্যকে নোটিস জারি করে রিপোর্ট দিতে বলা হয়েছে। দ্রুত শুনানির আরজিও গ্রহণ করেছে আদালত।
দ্বিতীয় মামলায় অভিযোগ, বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভরতির সুযোগ পেলেও পাসপোর্ট না-পাওয়ায় তিনি পড়তে যেতে পারছেন না। অভিযোগ, তাঁর নিজের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে এবং তিনি ভোটও দিয়েছেন। পাসপোর্ট কর্তৃপক্ষের তরফে পালটা জানানো হয়, এই বিষয়ে পুলিশের রিপোর্ট নেওয়া প্রয়োজন। তাঁদের বক্তব্য, পাসপোর্ট ছাপানোর সময় মায়ের নাম উল্লেখ করতে হয়। এসআইআর ভোটার তালিকায় যখন মায়ের নামই নেই, তখন পাসপোর্ট কীভাবে ছাপা হবে?
শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, এই মামলায় রাজ্যকে যুক্ত করতে হবে। একই সঙ্গে এসআইআর ট্রাইবুনালকে বিবাদী করার বিষয়েও আবেদনকারীকে সতর্ক করে আদালত। সেইমতো ট্রাইবুনালকে বিবাদীদের তালিকা থেকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।



