নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করতে গিয়ে ফাঁসির মঞ্চে উঠেছিলেন বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। বাংলার এই শহিদ বিপ্লবীকে দেশের মানুষ দেবতার স্থানে বসিয়ে রেখেছেন। কিন্তু শহিদ ক্ষুদিরামকে নিয়েই বলিউডের সিনেমায় বিকৃতির অভিযোগ উঠল। এ ব্যাপারে মঙ্গলবার রাতে সল্টলেকের এক বাসিন্দা বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা আন্দোলন করে যিনি জীবন দিলেন, তাঁর জন্য এই সম্মান? এদিন রাতেই বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার অনীশ সরকার সাংবাদিক সম্মেলন করে বলেন, একটি অভিযোগ দায়ের হয়েছে। তাতে বলা হয়েছে, ওই সিনেমায় বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ‘ক্ষুদিরাম সিং’ নাম দেওয়া হয়েছে! ঋষি অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্রকুমার ঘোষকে ‘বীরেন্দ্র কুমার’ বলা হয়েছে! এমনকী, প্রফুল্ল চাকির প্রসঙ্গও তোলা হয়নি! এতে স্বাধীনতা সংগ্রামীদের তথ্য বিকৃত করা হয়েছে, তাঁদের অসম্মানও করা হয়েছে। বাংলার গৌরবময় ইতিহাসকেও অপমানিত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



