সংবাদদাতা, ডোমকল: পলেস্তরা খসে পড়ছে। দু’পাশের কংক্রিটের রেলিং ভেঙে গিয়েছে। একাধিক জায়গায় লোহার রডও বেরিয়ে গিয়েছে। সেতুতে দেখা দিয়েছে একাধিক ফাটল। ডোমকলের আলিনগর কালীগঞ্জ সেতুর এমনই বেহাল অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, বছরের পর বছর ধরে সেতুর অবস্থা ক্রমশ খারাপ হলেও তা সংস্কারে উদ্যোগী হয়নি প্রশাসন। ফলে একপ্রকারে প্রাণের ঝুঁকি নিয়েই রেলিং ভাঙা সেতুর ওপর দিয়েই ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত সেতু মেরামতির দাবিতে সরব হয়েছেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডোমকলের রায়পুর অঞ্চলের আলিনগরে মজে যাওয়া শিয়ালমারি নদীর ওপর অবস্থিত সেতুটি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়লেও সেতুর স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী হয়নি প্রশাসন। ফলে বছরের পর বছর ধরে সেতু আরও বেহাল হয়ে পড়েছে। বর্তমানে সেতুর দু’দিকের একটি বড় অংশে রেলিং একেবারে ভেঙে পড়েছে। বিভিন্ন অংশে রেলিংয়ের সিমেন্টের চাঙড় খুলে এসেছে। সেতুর একাধিক জায়গায় ফাটল ধরা দিয়েছে। শুধু তাই নয়, স্থানীয়দের একাংশের দাবি, সেতুতে উঠলে অনেক সময় তা দুলে ওঠে ।
শিয়ালমারি নদীর ওপর অবস্থিত এই সেতুটি আশপাশের একাধিক এলাকায় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেতু দিয়ে আলিনগর, রায়পুর, মোমিনপুর, কাটাকোপরা, কালীগঞ্জ, সাদিখাঁরদিয়াড় সহ আশপাশের একটি বড় অংশের লোকজন যাতায়াত করে। ওই সেতুর ওপর দিয়েই সাদিখাঁরদিয়াড় উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে যাতায়াত করে পড়ুয়ারা। এছাড়াও রোগীদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও ওই সেতুর ওপর নির্ভর করতে হয়। অথচ এমন গুরুত্বপূর্ণ সেতুতে দিনের পর দিন ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করায় বাড়ছে বিপদের শঙ্কা। যদিও বিপদের ভ্রূক্রুটি থাকলেও সেতুটি সংস্কারের কোনও হেলদোল নেই প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের।
মাফিরুল শেখ নামের এক বাসিন্দা বলেন, এই ব্রিজ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সাদিখাঁরদিয়াড় হাসপাতালে যেতে গেলেও আমাদের ওই সেতুর ওপর দিয়েই যাতায়াত করতে হয়। অথচ গুরুত্বপূর্ণ সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যেকোনও সময় বিপদ ঘটতে পারে। সাদিখাঁরদিয়াড় উচ্চ বিদ্যালয়ের এক পড়ুয়া বলে, সেতুর দু’ধারে রেলিং নেই। এর ওপর দিয়ে স্কুলে যাতায়াত করতে ভীষণ ভয় করে। ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস বলেন, সেতুর ওই অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। সেতুটি সংস্কারের জন্য একবার ব্লক প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছিল। খুব দ্রুত যাতে সেতুটি সংস্কার করা যায়, তার ব্যবস্থা করব। ডোমকলের বিডিও শঙ্খদ্বীপ দাস বলেন, সেতুটিকে দ্রুত সংস্কার করার চেষ্টা করা হবে।