নয়াদিল্লি: নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টিও মাথায় রাখা উচিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। এমনটাই বলল সুপ্রিম কোর্ট। ঘটনার সূত্রপাত ইডির দায়ের করা একটি মামলা থেকে। ছত্তিশগড়ের নাগরিক আপুর্তি নিগম (এনএএন) দুর্নীতি মামলা ওই রাজ্য থেকে দিল্লিতে স্থানান্তরের দাবিতে মামলা দায়ের করেছিল ইডি। ওই মামলাটি দায়ের করা হয়েছিল সংবিধানের ৩২ নম্বর ধারা অনুয়ায়ী। তা নিয়েও ওঠে প্রশ্ন। বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানতে চায়, কীভাবে ইডি সংবিধানের ৩২ নম্বর ধারায় মামলা করল? কারণ, ওই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার কথা বলে। ইডি একটি সংস্থা হওয়া সত্ত্বেও কীভাবে ওই আইনে আবেদন করল? এর পরেই আবেদন প্রত্যাহারের আর্জি জানান ইডির আইনজীবী এস ভি রাজু। তিনি বলেন, ‘ইডিরও তো মৌলিক অধিকার থাকা উচিত।’ রসিকতার সুরে দুই বিচারপতির বেঞ্চ জানায়, ইডির যদি মৌলিক অধিকার থাকে, আম জনতারও তা আছে, সেকথাও মাথায় রাখা উচিত।’ এর পরেই ইডির আইনজীবীকে আবেদন প্রত্যাহারের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।



