বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশনের  সম্ভাবনা খতিয়ে দেখতে কমিটি
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় বদলি বিল পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে সরাসরি অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য পৃথক কমিশন গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করল উচ্চশিক্ষা দপ্তর। বর্তমানে অধ্যাপক, আধিকারিক এবং অন্যান্য কর্মী সরাসরি নিয়োগ করে থাকে বিশ্ববিদ্যালয়গুলি। তবে, এবার স্কুলের মতোই বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠন করতে চায় রাজ্য সরকার। তার আগে এই সংক্রান্ত আইনি দিক খতিয়ে দেখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যকে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এছাড়াও কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অরিজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ি সহ অন্য অফিসাররা রয়েছেন। যদিও, সার্ভিস কমিশন গঠনকে সরাসরি ইউজিসির রুলের পরিপন্থী বলেই দাবি করছেন অধ্যাপক ও অফিসাররা। তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, তৃণমূল সরকারের আমলেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগের জন্য এরকম কমিশন গঠনের উদ্যোগ হয়েছিল। তবে, ইউজিসি রুলের সঙ্গে সংঘাত হওয়ায় সেই পথে আর হাঁটেনি সরকার। 

Advertisement