শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা  রোধে গুচ্ছ প্রস্তাব কমিটির, মানসিক স্বাস্থ্য ভালো রাখার দিকে জোর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইআইটি সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে একগুচ্ছ প্রস্তাব দিল কেন্দ্রের নিযুক্ত সহস্রবুদ্ধে কমিটি। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে হস্টেলে পেশাদার কর্মী নিয়োগ, ওয়ার্ডেনদের কাছে সহজে কাছে পৌঁছানোর ব্যবস্থা, পড়াশোনার চাপ কমানো এবং নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু করার মতো প্রস্তাব দিয়েছে ওই কমিটি। আরও বেশি কাউন্সিলর নিয়োগ, মনোরোগ বিশেষজ্ঞ ও সমাজকর্মীদের নিয়মিত ক্যাম্পাসে নিয়ে আসার কথা বলা হয়েছে। আত্মহত্যার কারণ হিসাবে অনেক সময়ই একাকীত্বের বিষয়টি উঠে আসে। তা এড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, হস্টেলের প্রতিটি তলায় জমায়েত ও পড়ুয়ারা যাতে খেলা, নাচগান ও অন্যান্য বিষয়েও সময় দেয় তার দিকে নজর দিতে বলা হয়েছে। কমিটির দাবি, তারা পড়ুয়াদের জীবনযাত্রার প্রতিটি বিষয়ের উপর নজর দিয়েছে। 

Advertisement

চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত গত তিন বছরে শুধুমাত্র আইআইটিগুলিতেই ৪৭ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। যার মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি খড়্গপুর (১০ জন)। জানুয়ারিতে আইআইটি কানপুরের দুই পড়ুয়ার আত্মহত্যার পর এমন ঘটনা রোধে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরামের চেয়ারম্যান অনিল সহস্রবুদ্ধের নেতৃত্বে একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত ১৭ জুন ওই কমিটি রিপোর্ট জমা দিয়েছিল। তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি বা সুপারিশগুলিও কার্যকর হয়নি। তথ্য জানার অধিকার আইনে কমিটির সুপারিশগুলি জানতে চেয়েছিলেন ধীরজ সিং নামে এক ব্যক্তি। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। ধীরজই কমিটির প্রস্তাবগুলি সামনে এনেছেন।