নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট আবহে রাজ্যে ফের কমিশনের দাদাগিরি। এবার সরাসরি টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা-সহ গোটা পরিবার। তল্লাশি করা হবে তাঁদের গাড়ি। তাঁরা কখন, কোথায় যাচ্ছেন সে সম্পর্কেও খোঁজখবর রাখবে নির্বাচন কমিশন। ট্র্যাক করা হবে তাঁর গতিবিধি। এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন! আজ, মঙ্গলবার রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের কাছে এমনই নির্দেশ এসে পৌঁছেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো কমিশনের ওই নির্দেশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে তৃণমূলের শীর্ষকর্তাদের কাছেও। চলতি মাসেই দুই দফায় রাজ্যে নির্বাচন। আর এখন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের উপরেই। তার মধ্যেই এমন হোয়াটসঅ্যাপ বার্তাতে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। হোয়াটসঅ্যাপের ওই বার্তাতে আরও দাবি করা হয়েছে, রাজ্যে স্বাস্থ্যশিবিরের নামে টাকার আদান-প্রদান হচ্ছে। সেই বিষয়েও তদন্তকারীদের বিশেষ নজর রাখতে হবে। এই তালিকায় রয়েছে-নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট ২, ডায়মন্ড হারবার ১ ও ২ নম্বর ব্লক। এছাড়াও ডায়মন্ড হারবার ও লালবাগ মহকুমার ফলতা ব্লকে যেসব শিবিরগুলি চালু রয়েছে সেগুলিও খতিয়ে দেখতে হবে।



