নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াফুল প্রতীক কার? তা নিয়ে ফয়সালা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এব্যাপারে চূড়ান্ত পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কাল, শুক্রবার দিল্লিতে মমতা তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ডেকেছে নির্বাচন কমিশন। তৃণমূলের দুই শিবিরের নেতাদের বিকেল ৩টের বৈঠকে ডাকা হয়েছে। আদালতে যেমনভাবে শুনানি হয়, ঠিক তেমনভাবেই দু’পক্ষকে মুখোমুখি বসিয়ে কথা বলবে নির্বাচন কমিশন। আদালতে যেমন বাদী-বিবাদী পক্ষের বক্তব্য শুনে বিচারক রায় দান করেন, সেভাবেই তৃণমূলের দুই শিবিরের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে। কার হাতে জোড়াফুল প্রতীক থাকবে, সেটা স্পষ্ট হয়ে যাবে। ফলে রাজনৈতিক মহলের কাছে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে।
অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। ফলে নির্বাচন কমিশনের সামনে বৈঠকের টেবিলে সম্মুখ সমরে কী পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে কৌতুহল রাজনৈতিক মহলের। ইতিমধ্যে নিজেদের সমর্থনে কর্মী, সমর্থক, জনপ্রতিনিধিদের স্বাক্ষরিত হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছে মমতা এবং ঋতব্রত শিবির। দু’পক্ষই ট্রাক বোঝাই হলফনামা কমিশনে জমা দিয়েছে। সেই কাগজপত্র গত কয়েকদিনে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে পরীক্ষা করেছে বলেই খবর। এবার আরও কিছু প্রশ্নের উত্তর দুই তৃণমূলকে সামনে বসিয়ে পেতে চাইছে কমিশন।



