Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশে মোবাইল পরিষেবার ৩০ বছর স্মরণ, উদ্বোধন বিশেষ পোস্টাল স্ট্যাম্পের

১৯৯১ সাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডঃ মনমোহন সিংহ জানালেন, উদার অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার একচেটিয়া ব্যবসা চলবে না। বেসরকারি সংস্থাকে ব্যবসা করতে আসতে দিতে হবে।

দেশে মোবাইল পরিষেবার ৩০ বছর স্মরণ, উদ্বোধন বিশেষ পোস্টাল স্ট্যাম্পের
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯৯১ সাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডঃ মনমোহন সিংহ জানালেন, উদার অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার একচেটিয়া ব্যবসা চলবে না। বেসরকারি সংস্থাকে ব্যবসা করতে আসতে দিতে হবে। সেক্ষেত্রে বাজারে যে প্রতিযোগিতা তৈরি হবে, তাতে অপেক্ষাকৃত কম খরচে টেলিফোন পরিষেবার সুযোগ পাবেন সাধারণ মানুষ। ১৯৯৪ সালে সেই মতামতকে মান্যতা দিয়ে তৈরি হল ন্যাশনাল টেলিকম পলিসি। তারপর মোবাইল ফোনের লাইসেন্সের জন্য টেন্ডার ডাকা হল। টেলিফোন মারফত একে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গোটা ব্যবস্থার ভোল বদলে যেতে শুরু করল তারপর। ১৯৯৫ সালের ৩১ জুলাই দেশের প্রথম মোবাইল পরিষেবা চালু হয়। দিল্লিতে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখ রামের সঙ্গে মোবাইলে প্রথম কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ৩০ বছর পর সেই ৩১ জুলাই দিনটি স্মরণ করতে দিল্লি এবং কলকাতায় দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

দিল্লিতে আয়োজিত একটি প্রদর্শনীতে ৩০০টি মোবাইলের হ্যান্ডসেট রাখা হয়েছে, যেখানে ৩০ বছরের বিবর্তনের বিভিন্ন সময়ের মোবাইল ফোন দেখতে পাবে সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘গত ত্রিশ বছরে দেশজুড়ে ডিজিটাল ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এখন মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন পর্যন্ত করা যায়। বছরে ২৫০ কোটি লেনদেন হয় মোবাইলের মাধ্যমে। ফোর জি পরিষেবার জন্য যে যন্ত্রাংশের দরকার হয়, তার উৎপাদনে ভারত ইতিমধ্যেই বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে। আশা করা যায়, সিক্স জি পরিষেবার ক্ষেত্রে ভারত দেশের শীর্ষে থাকবে।’ মন্ত্রীর আশ্বাস, গ্রাহক আরও ভালো ও নিরাপদ টেলিকম পরিষেবা পাবে আগামী দিনে। 
অন্যদিকে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ বছর আগের ঘটনার স্মৃতিতে বিশেষ পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার। এই অনুষ্ঠানে তুলে ধরা হয় নোকিয়ার সেই বিশেষ হ্যান্ড সেটটি যেটি প্রথমবার ব্যবহৃত হয়েছিল ভারতের মোবাইল পরিষেবায়।

সম্পর্কিত সংবাদ