নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার বারাসতে ডিওয়াইএফের ‘জোশ’ কর্মসূচি হল। জেলার দূরদূরান্ত থেকে কর্মী, সমর্থকরা এদিন দুপুর থেকেই ভিড় করেন হেলাবটতলা লাগোয়া মাঠে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বারাসতের বুকে বাম যুব সংগঠনের এই কর্মসূচি ঘিরে বাড়তি উৎসাহ দেখা যায়।
এদিন সভায় সিপিএম নেতা শতরূপ ঘোষ আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষকে শামিল হওয়ার আহ্বান জানান। বলেন, বিজেপিকে রুখতে আমাদের সঙ্গে আসুন। আগামীতে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করবে বামেরাই। যাঁরা তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁরাও এখন অতিষ্ঠ। এদিনের সভায় ডিওয়াইএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষি দেবও সংগঠনকে বুথস্তরে শক্তিশালী করার উপরে জোর দেন। এদিনের কর্মসূচিতে ডিওয়াইএফের রাজ্য নেতৃত্ব, উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব-সহ সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।



