নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রিয় বন্ধুর উদ্দেশে মোবাইলে ভয়েস নোট রেখে গঙ্গায় ঝাঁপ দিলেন এক তরুণ। দুই বন্ধুর সম্পর্কের মধ্যে বান্ধবী এসে পড়ায় এমন পরিণতি বলে জানা গিয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে সাঁকরাইলের রাজগঞ্জ ঘাটে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ তরুণের নাম সন্দীপ মালিক (২১)। সলপ তেঁতুলকুলি এলাকার বাসিন্দা সন্দীপ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ড্রামা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সম্পর্কে টানাপোড়েনের কারণে এমন ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যদিও নিখোঁজ যুবকের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাজগঞ্জের ঘাটে সন্দীপ গঙ্গায় নামার আগে জামা-প্যান্ট, ঘড়ি, জুতো এবং মোবাইল ফোনটি পাড়ে রেখে যান। স্থানীয় দুই কিশোর সেগুলি পড়ে থাকতে দেখে সন্দীপের ব্যবহৃত মোবাইল থেকে সলপের বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে সাঁকরাইল থানায় খবর দেন। মিনিট পনেরোর মধ্যেই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। চারদিকে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর এদিন সকালে হাওড়া সিটি পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফে গঙ্গায় ডুবুরি নামানো হয়। গঙ্গায় টানা তল্লাশি চললেও দেহ উদ্ধার হয়নি। সন্দীপের কাকা রবিশঙ্কর মালিক বলেন, ‘ভাইপো নাট্যচর্চার পাশাপাশি ছবি আঁকত। নাচের স্কুলে দিদিমণি ওকে কোনও কারণে বকাঝকা করেন। ওখানে কিছু গন্ডগোলের কারণেই মনমড়া হয়ে পড়েছিল।’ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে ওই নাচের স্কুলের শিক্ষিকাকে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়।
সন্দীপের বন্ধুরা জানিয়েছেন, সন্দীপ নাটকের পাশাপাশি ছবি আঁকা এবং নাচ-গান নিয়ে চর্চা করতেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নিতেন। এর পাশাপাশি গত ছ’মাস ধরে সাঁকরাইল এক নাচের শিক্ষিকার কাছে তিনি নাচ শিখতে শুরু করেন। সেই সূত্রেই জানা গিয়েছে, সন্দীপ তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়ান। দুজনকে ওই নাচের স্কুলে মাঝে মাঝে দেখা যেত। এরপর সন্দীপের সেই বন্ধুর সঙ্গে নাচের স্কুলের এক ছাত্রীর নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই ত্রিকোণ সম্পর্ক নিয়েই টানাপোড়েন চলছিল। বুধবার নদীতে ঝাঁপ দেওয়ার আগে বন্ধুর উদ্দেশে একটি ভয়েস নোট রেখে যায় সন্দীপ। তাতে আত্মঘাতী হওয়ার ইঙ্গিত পাওয়া যায় বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ হয়নি।’