Bartaman Logo
১৪ জুন, ২০২৬

কলেজে গায়ে আগুন কাণ্ড: পেট্রল পাম্প থেকে জ্বালানি কেনার ফুটেজ পেল পুলিস

কলেজে গায়ে আগুন কাণ্ড: পেট্রল পাম্প থেকে জ্বালানি কেনার ফুটেজ পেল পুলিস
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: বারবার যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু, কোনও ব্যবস্থাই না নেয়নি কর্তৃপক্ষ। তার জেরে অধ্যক্ষের ঘরের সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পড়ুয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান বালেশ্বরের ফকির মোহন অটোনোমাস কলেজের ওই ছাত্রী। সেই ঘটনার তদন্তে নেমে একটি পেট্রল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছেন তদন্তকারীরা। তাতে দেখা যাচ্ছে, এক মহিলা ওই পাম্প থেকে বোতলে করে জ্বালানি কিনছেন। তাঁকে অনেকটাই আত্মঘাতী পড়ুয়ার মতোই দেখতে। তদন্তকারীদের মতে, ক্যাম্পাসে ঢোকার আগেই সেখানে গিয়েছিল ওই ছাত্রী। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা পেট্রল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজটি বিশ্লেষণ করছেন। কী করে সেখান থেকে একজন মহিলা বোতলে জ্বালানি কিনলেন, সেই প্রশ্নও উঠছে। বর্তমান পরিস্থিতিতে বোতলে পেট্রল বিক্রি বন্ধ করে দিয়েছে জেলার সমস্ত পাম্প। এদিকে, ছাত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করেছে ইউজিসির ফ্যাক্ট-ফাইন্ডিং টিমও। বিগত দু’দিন ধরে তারা ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। এই টিমের নেতৃত্বে রয়েছেন রাজকুমার মিত্তল। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা রিপোর্ট জমা দেবেন। সূত্রের খবর, ইউজিসির ওই টিম ইতিমধ্যেই প্রিন্সিপাল, কলেজের অভ্যন্তরীণ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে সেখানে ছাত্রীর অভিযোগ মতো যৌন হেনস্তার কোনও প্রমাণ মেলেনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ