বেজিং: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রগতিতে নেতৃত্বের রাশ থাকবে কার হাতে? আমেরিকা ও চীনের মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সেই আবহেই এবার নয়া বিতর্ক। মানুষের ইনপুট ছাড়াই কোডিং ব্যবহার করে নিজেকে আরও আপডেট করে তুলছে এআই। সেল্ফ ডেভেলপমেন্টের এই প্রক্রিয়া নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্বের শীর্ষ এআই সংস্থা অ্যানথ্রোপিক থেকে ইস্তফা দিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছিলেন গবেষক জ্যাকব কক্সন। তাঁর সতর্কতা, রাশ না টানলে এক দশকেই পৃথিবীকে মানবশূন্য করে দেবে এআই। কক্সনের আশঙ্কা নিয়ে সহমত প্রকাশ করেছেন অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই। বলেছেন, ‘এখনই সতর্ক হতে হবে। এআই নিয়ে অত্যাধুনিক গবেষণার গতিতে রাশ টানতে হবে। যাতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পর্যাপ্ত সময় পাওয়া যায়। সুরক্ষাবিধি আরও জোরদার করা যায়।’ যদিও মার্কিন এআই শীর্ষকর্তাদের এইসব যুক্তিকে আমল দিতে নারাজ চীন। এব্যাপারে আমোদেইয়ের পরামর্শের তীব্র সমালোচনা করল চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। তাদের তোপ, এইসব সতর্কবার্তা নিছক ‘ঠান্ডাযুদ্ধের কৌশল’। এর উদ্দেশ্য, চীনের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করা।



