তিরুবনন্তপুরম: শ্রেয়স আয়ারের নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তখন ঘরের মাঠে গিলরা ব্যস্ত থাকবেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। ভারতের সাপ্লাই লাইন এবং রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, দল গঠনে সমস্যা হয়নি। তবে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একাদশ সাজাতে কোচ গৌতম গম্ভীরকে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে। তিরুবনন্তপুরমে টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলন দেখে মনে হয়েছে, রোহিত শর্মা ও শুভমান গিল ইনিংস সূচনা করবেন। যশস্বী জয়সওয়াল স্কোয়াডে থাকলেও রোহিতের উপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া গত সিরিজে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান। তিনে নামবেন বিরাট কোহলি। চারে শ্রেয়স আয়ার খেলেন। কিন্তু তিনি এখন জাপানে। তাই তাঁর জায়গায় কে নামবেন, সেটাই আলোচনার বিষয়। লড়াইয়ে আছেন তিনজন। ঋতুরাজ গায়কোয়াড়, নমন ধীর এবং ধ্রুব জুরেল। তবে কোচ গম্ভীর ভরসা রাখতে পারেন গায়কোয়াড়ের উপর। লোকেশ রাহুল উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ। দুই অলরাউন্ডার নীতীশ রেড্ডি ও রবীন্দ্র জাদেজা। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ছিলেন না। পেস আক্রমণে সিরাজ, প্রসিদ্ধর সঙ্গে গুরনুর ব্রা’র খেলার সম্ভাবনা বেশি। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হতে পারেন কুলদীপ যাদব।



