Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পানামার বিরুদ্ধে দুরন্ত লড়াই ভারতের, রায়ানের অনবদ্য লক্ষ্যভেদ, খালিদ ব্রিগেডকে দেখে উচ্ছ্বসিত প্রাক্তনরা

‘অনবদ্য ফুটবল। ভারতীয় দলকে কুর্নিশ। আমরাও ফুটবল খেলতে পারি, দেখিয়ে দিল খালিদের দল।’ কান্তিরাভায় নীল বিপ্লব দেখে উত্তেজনায় কাঁপছেন দেবজিৎ ঘোষ।

পানামার বিরুদ্ধে দুরন্ত লড়াই ভারতের, রায়ানের অনবদ্য লক্ষ্যভেদ, খালিদ ব্রিগেডকে দেখে উচ্ছ্বসিত প্রাক্তনরা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত- ১                        :                           পানামা-১
(রায়ান)                                                  (ভ্যালেন্সিয়া)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অনবদ্য ফুটবল। ভারতীয় দলকে কুর্নিশ। আমরাও ফুটবল খেলতে পারি, দেখিয়ে দিল খালিদের দল।’ কান্তিরাভায় নীল বিপ্লব দেখে উত্তেজনায় কাঁপছেন দেবজিৎ ঘোষ। সোশ্যাল সাইটে ততক্ষণে ভারতীয় ফুটবলের বন্দনা শুরু। শুক্রবার বাগিচা শহরে হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে গেল খালিদ ব্রিগেড। পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র  ভারতের। হতাশায় ডুবে থাকা এদেশের ফুটবলে এই ম্যাচ সিলভার লাইন হতে পারে। পানামার ফিফা র‌্যাঙ্কিং ৪৪। সেখানে ৯৪ ধাপ পিছিয়ে ভারত। প্রতিপক্ষে রডরিগেজ, ব্ল্যাকম্যান, কর্ডোবার মতো হাতে গরম বিশ্বকাপার। তাতেও প্রতি ইঞ্চিতে টেক্কা দিলেন মনবীররা। এবার মিশন কলকাতা। ফুটবলের মক্কায় আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে নামবেন আনোয়াররা। তার আগে পানামা ম্যাচ এক সিলিন্ডার অক্সিজেন জোগাবে ভারতীয় দলকে। ম্যাচের পর কোচ খালিদের মন্তব্য, ‘সব কৃতিত্ব ফুটবলারদের। ভয়ডরহীন ফুটবল খেলেছে ওরা।’
এদিন রক্ষণ জমাট করেই দল সাজিয়েছিলেন খালিদ। ৪-৫-১ ফর্মেশনে সিঙ্গল স্ট্রাইকার মনবীর। একটু পিছনে রায়ান উইলিয়ামস। পানামা ফুটবলাররা বল ধরলেই ধেয়ে আসছিলেন বিক্রমপ্রতাপরা। ফলে প্রথমার্ধে কোনোভাবেই থিতু হতে পারল না পানামা। ক্লোজ মার্কিংয়ের জাঁতাকলে হাসফাঁস করল তারা। বরং ম্যাচের ১৭ মিনিটে গোল করার সুযোগ চলে আসে রায়ান উইলিয়ামসের কাছে। বিপক্ষ বক্সের বাইরে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বাইরে মারলেন তিনি। ডাগ-আউটে তখন মাথায় হাত খালিদের। এরইমধ্যে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় খালিদ ব্রিগেড। এক্ষেত্রে আকাশ মিশ্রর লং বল ধরে রায়ান উইলিয়ামস গতি বাড়ালেন। এরপর আগুয়ান গোলকিপারকে বোকা বানিয়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ান তিনি (১-০)।
ভারতের এই লড়াই বোধহয় পানামার প্রত্যাশার বাইরে। বিরতির পর সম্বিৎ ফিরতেই একে একে লন্ডনো, মুরিল্লোদের মতো বিশ্বকাপারকে মাঠে নামালেন কোচ ক্রিশ্চিয়ানসেন। চাপ বাড়তেই ভারতের মাঝমাঠের বাঁধুনি আলগা হতে শুরু করে। এই সুযোগে ম্যাচের ৬৮ মিনিটে গোল শোধ ভ্যালেন্সিয়ার। প্রায় ২৭ গজ দূর থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের গোলার মতো শট ডিপ করে জাল কাঁপায়। এক্ষেত্রে গুরপ্রীত স্রেফ দাঁড়িয়ে রইলেন! আগের চেয়ে তাঁর রিফ্লেক্স কমেছে অনেকটাই। আর কবে যে গিল বা বিশাল সুযোগ পাবেন! ৮০ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এডমুন্ড। এক্ষেত্রে আশিকের মাইনাস ঠিকঠাক কানেক্ট করতে পারেননি তিনি। মনবীরও অহেতুক ব্যাক ফ্লিক করতে গিয়ে সুযোগ হারালেন। 
ভারত: গুরপ্রীত, অভিষেক, বিজয়, আনোয়ার, আকাশ (পরমবীর), আপুইয়া, রিকি (অনিরুদ্ধ), আশিক (জয়), মনবীর, বিক্রমপ্রতাপ (এডমুন্ড)ও রায়ান (সাহাল)।

Advertisement
সম্পর্কিত সংবাদ