অস্ট্রেলিয়া-১ : ব্রাজিল-১
অস্ট্রেলিয়া-১ : ব্রাজিল-১
কুইন্সল্যান্ড: পিছিয়ে পড়ে কেঁদেককিয়ে ড্র। প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার বাঁচাল ব্রাজিল। স্যার ডনের দেশে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে ভারতে আসছেন ভিনিসিয়াসরা। যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেন ইন ব্লুজ। স্বভাবতই ব্রাজিলের অজি সফরের দিকে বাড়তি আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের। তবে ভিনিসিয়াসদের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়।
গত বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায় পেলের দেশ। নেইমারের অবসরের পর নতুনভাবে স্কোয়াড গড়ে তুলতে বদ্ধপরিকর কোচ আনসেলোত্তি। এশিয়া সফরে বেশ কিছু নতুন মুখ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, এদিন আক্রমণাত্মক মেজাজেই ম্যাচ শুরু করে ব্রাজিল। এস্তেভাওয়ের শট বাইরে যায়। এনড্রিকের পেনাল্টির আবেদনে কান দেননি রেফারি। বিরতির আগে এস্তেভাওয়ের গোল ফাউলের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ভলি নেওয়ার সময় পা পিছলে যায় ভিনিসিয়াসের। রাফিনহার শটও বাইরে যায়। কিন্তু এরপরেই ছন্দপতন। ৬৮ মিনিটে নেস্তরি ইরানকুন্ডা ফ্রি-কিক থেকে জাল কাঁপান (১-০)। গোল হজম করে বেশ চাপে পড়ে যায় আনসেলোত্তির দল। শেষ পর্যন্ত সংযোজিত সময়ে রাফিনহার কর্নার থেকে রায়ানের হেডে সমতা ফেরায় ব্রাজিল (১-১)। তবে দলের খেলায় কোচ আনসেলোত্তির কপালে চিন্তার ভাঁজ বাড়বেই।