নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১০ অক্টোবর আইএসএলের উদ্বোধন। সাধারণত উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু এবার তা হচ্ছে না। গোয়ায় হতে পারে আইএসএলের সূচনা। আসলে ১৩ অক্টোবর যুবভারতীতে এসিএল টু’য়ের ম্যাচে নামবে হাবাস-ব্রিগেড। তাই আইএসএলে রশিদদের ম্যাচ পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। সূত্রের খবর, নিজেদের প্রথম তিনটি ম্যাচই বিপক্ষের ভেন্যুতে খেলবে ইস্ট বেঙ্গল। অক্টোবরের তৃতীয় সপ্তাহে গোয়ায় ইস্ট বেঙ্গলের সম্ভাব্য প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স বা এফসি গোয়া। এরপর রাঁচিতে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলার কথা লাল-হলুদ ব্রিগেডের। এসিএল টু’য়ের জন্য এরপর ওমান উড়ে যাবেন গিল, রশিদ, রামিরেজরা। দেশে ফেরার পর নভেম্বরের প্রথম সপ্তাহে আরও একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। পুজোর মরশুমে কলকাতায় হোম ম্যাচ আয়োজন সমস্যার। তাই আইএসএলে ঘরের মাঠে হাবাস ব্রিগেডকে দেখতে সমর্থকদের অপেক্ষা ছাড়া গতি নেই। এদিকে, এদিনই ভিসা পেলেন লাল-হলুদের পোলিশ স্ট্রাইকার লুকাস জোলিনিস্কি। রবিবার রাতে শহরে আসার কথা তাঁর।



