Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ক্লান্তিই ভাবাচ্ছে কোচ পানোসকে

অগ্নিগর্ভ শিলং। রাস্তায় অবরোধ। টায়ার জ্বলছে দাউদাউ করে। এমনকি, সরকার বিরোধী উত্তাল বিক্ষোভ সামলাতে কয়েকটি জায়গায় কার্ফু জারি হয়। শুক্রবার সকালে মোহন বাগান টিম হোটেলে খবর পৌঁছাতেই মাথায় হাত টিম ম্যানেজমেন্টের।

ক্লান্তিই ভাবাচ্ছে কোচ পানোসকে
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিগর্ভ শিলং। রাস্তায় অবরোধ। টায়ার জ্বলছে দাউদাউ করে। এমনকি, সরকার বিরোধী উত্তাল বিক্ষোভ সামলাতে কয়েকটি জায়গায় কার্ফু জারি হয়। শুক্রবার সকালে মোহন বাগান টিম হোটেলে খবর পৌঁছাতেই মাথায় হাত টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত পুলিশ প্রহরায় ঘুরপথে শিলং বিমানবন্দরে পৌঁছান ফুটবলাররা। দুর্ভোগের একশেষ। এখানেই শেষ নয়। ভোগান্তির বাকি ছিল তখনও। এমনিতে শিলং থেকে কলকাতার ফ্লাইটের টিকিট অপ্রতুল। সরাসরি ফ্লাইটে জায়গা হয় মাত্র ৯ জন ফুটবলারের। বাকিদের গন্তব্য গুয়াহাটি। কিন্তু অবরোধের কারণে অন্য পথে টিম বাস ঘোরাতে বাধ্য হয় প্রশাসন। শেষপর্যন্ত ম্যারাথন জার্নি সামলে শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে হাঁফ ছেড়ে বাঁচেন রাহুল ভেকে, মিগুয়েলরা। রবিবার ডুরান্ড কাপ ফাইনাল। তার আগে অল্প সময়ে ক্লান্ত, বিধ্বস্ত ফুটবলারদের চাঙ্গা করাই গ্রিক কোচ পানোসের প্রধান চ্যালেঞ্জ। 

Advertisement

রাত পোহালেই মহারণ। মর্যাদার ডার্বি। ডুরান্ড কাপ ফাইনাল ঘিরে তীব্র উন্মাদনা ময়দানে। অনলাইনে হু হু করে বিক্রি হচ্ছে মোহন বাগান গ্যালারির টিকিট। তবে মেগা যুদ্ধের আগে মোহন বাগান টিম ম্যানেজমেন্টকে ক্লান্তিই ভাবাচ্ছে। কলকাতায় কোয়ার্টার-ফাইনালে জামশেদপুরকে সাডেন ডেথে বশ মানায় মোহন বাগান। এরপর শেষ চারের লড়াইয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও টাই-ব্রেকারে জয়। শিলংয়ের বৃষ্টিভেজা ভারী মাঠে খেলার পর পেশির ক্লান্তি স্বাভাবিক। লিস্টন, ম্যাকলারেনরা রোবট নন। ডার্বির মতো হাই-ভোল্টেজ ম্যাচ খেলার আগে পর্যাপ্ত রিকভারির সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে তা অসম্ভব। ফলে গ্রিক কোচ পানোস বেশ বিরক্ত। শনিবার বিকেলের অনুশীলনে ফুটবলারদের কন্ডিশন দেখেই দল সাজাবেন তিনি। ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে হাবাসকে টেক্কা দিয়েছিলেন পানোস। সুপার সানডেতে আরও একবার যুদ্ধ জিততে মরিয়া তিনি। সোনায় মোড়া দলে তারকার অভাব নেই। রিজার্ভ বেঞ্চও ইস্ট বেঙ্গলের তুলনায় অনেক শক্তিশালী। তাই অহেতুক তাড়াহুড়ো না করে বুদ্ধিমত্তার সঙ্গে ঘুঁটি সাজাতে চাইছে সবুজ-মেরুনের থিঙ্কট্যাঙ্ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ