নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবল র্যাঙ্কিংয়ে ১২৭ নম্বরে রয়েছে ভারত। দলের সাম্প্রতিক পারফরম্যান্সও তলানিতে। প্রবল চাপে স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ। শোনা যাচ্ছে, বেগতিক বুঝে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে শুধুমাত্র এফসি গোয়ার দায়িত্ব সামলাবেন তিনি। এমন পরিস্থিতিতে সোমবার কলকাতায় শুরু হচ্ছে জাতীয় দলের শিবির। রাজারহাটের সেন্টার অব এক্সিলেন্সে হবে অনুশীলন। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ ‘সি’তে ভারত ছাড়াও বাকি তিন দল বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। ঘরের মাঠে দুর্বল বাংলাদেশকেও হারাতে ব্যর্থ ব্লু টাইগার্স। আগামী ১০ জুন অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। তার আগে ১০ দিনের প্রস্তুতি শিবিরে দলকে চাঙ্গা করতে মরিয়া জাতীয় দলের স্প্যানিশ কোচ। তবে লক্ষ্যভেদ নিয়ে চিন্তা থাকছেই। দলে স্ট্রাইকারের অভাব মেটাতে অবসর ভেঙে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ফেডারেশন। শোনা যাচ্ছে, প্রবল উৎসাহী ছিলেন কোচও। কিন্তু বর্ষীয়ান সুনীল ঢের আগেই সেরা সময় পেরিয়ে এসেছেন। নতুন করে তাঁর পক্ষে কিছু দেওয়া মুশকিল। বাংলাদেশের টাফ ফুটবলের বিরুদ্ধেও তেমন খাপ খুলতে পারেননি সুনীল।
আইএসএলের পর বেশ কয়েকদিন ছুটি কাটিয়েছেন ফুটবলাররা। ফলে কম্বিনেশনের পাশাপাশি ফিটনেসেও নজর দিতে হবে মানোলোকে। সূত্রের খবর, প্রস্তুতি শিবিরে অন্তত দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলতে চান তিনি। পাশাপাশি ফিফা ফ্রেন্ডলিতে আগামী ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবেন সুনীলরা। সবমিলিয়ে বিদায়ী মুহূর্তে কিছু করে দেখাতে মরিয়া মানোলো। মূলত আইএসএল থেকেই জাতীয় দলের ফুটবলার বেছে নেওয়া হয়েছে। ২৮ জনের স্কোয়াডে শেষ মুহূর্তে একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। ইরফান এডওয়ার্ডস চোট পাওয়ায় তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন এডমুন্ড লালরিনডিকা। মোহন বাগানের একঝাঁক ফুটবলার রয়েছেন জাতীয় দলে। বিশাল, লিস্টন, মনবীর, শুভাশিস, আশিস, আপুইয়া, আশিকদের সঙ্গে সুহেল ভাটের অন্তর্ভুক্তি সত্যিই চমক। আসলে সুপার কাপে বেশ ভালো ফর্মে ছিলেন এই কাশ্মীরী স্ট্রাইকার। তারই পুরষ্কার পেলেন সুহেল। পাশাপাশি সেরা গোলরক্ষক হিসেবে আইএসএলের গোল্ডেন গ্লাভস পেয়েছেন বিশাল কাইথ। অনেকেই মনে করছেন, বিশালের সামনে খোলা মাঠ পড়ে রয়েছে। ইস্ট বেঙ্গলের নাওরেম মহেশ সিং, আনোয়ার আলিরাও জাতীয় দলে রয়েছেন। তবে উল্লেখযোগ্য অনুপস্থিতি পিভি বিষ্ণু। আইএসএলে কয়েকটা স্পেলে বেশ নজর কেড়েছেন এই কেরালাইট ফুটবলার। তবুও জাতীয় দলের টিকিট পাননি তিনি।