শিবাজী চক্রবর্তী, কলকাতা: সপ্তাহান্তে ব্লকবাস্টার ডার্বি। আইএসএলে প্রথম বড়ো ম্যাচের আগে টগবগিয়ে ফুটছে মোহন বাগান। টানা ৫ ম্যাচ জিতে টেবিলের মগডালে পানোস ব্রিগেড। ঠিক উলটো ইস্ট বেঙ্গলের অবস্থা। শেষ ৪ ম্যাচে জয়ের মুখ দেখেননি রশিদ-রামিরেজরা। চাপের প্রেসার কুকারে স্প্যানিশ কোচ হাবাস। এমন কোণঠাসা পরিস্থিতিতে মঙ্গলবার এসিএল টু’য়ের ম্যাচে নামছে হাবাস ব্রিগেড। যুবভারতীতে মশাল বাহিনীর প্রতিপ্রক্ষ জর্ডনের আল হুসেইন। নড়বড়ে ইস্ট বেঙ্গল কি আত্মবিশ্বাস ফেরাতে পারবে? অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচ। যুবভারতীতে পুরো পয়েন্ট পেতে মরিয়া হাবাস। অভিজ্ঞ কোচ জানেন, ডার্বির আগে পুরো দলকে চাগাতে পারে মঙ্গলবারের জয়। এদিন তাঁর মন্তব্য, ‘অতীত নিয়ে ভাবছি না। ছেলেরা সব ভুলে মাঠে নামতে তৈরি।’ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। জর্ডনের দলকে বশ মানতে পারলে পরের রাউন্ডে পৌঁছানোর ক্ষীণ আশা জিইয়ে থাকবে। তবে চোট সমস্যায় আনোয়ার ও এডমুন্ডকে পাবেন না স্প্যানিশ কোচ।
আল হুসেইন কোচ কুরো তোরেস ভ্যালেন্সিয়াতে হাবাসের অধীনে খেলেছেন। আবার ড্যানি রামিরেজকে কোচিং করিয়েছেন কুরো। প্র্যাকটিসের পর ইস্ট বেঙ্গল শিবিরে গিয়ে সৌজন্য সাক্ষাত সেরে নিলেন আল হুসেইন কোচ। প্রাক্তন ছাত্রকে তালুর মতো চেনেন হাবাস। মঙ্গলবার শিষ্যকে চাপে ফেলতে বদ্ধপরিকর তিনি। ম্যাচের আগেরদিন যুবভারতীর মূল স্টেডিয়ামে প্রস্তুতি সারল দু’দল। চার বিশ্বকাপার সমৃদ্ধ জর্ডনের দলটি বেশ গতিশীল। উইং থেকে আক্রমণ শানাতে চোস্ত। অন্যদিকে দুই নড়বড়ে উইং ব্যাক ইস্ট বেঙ্গলের খনি। ফাটল জুড়তে সন্দীপ মান্ডিকে ব্যবহারের ভাবনা রয়েছে থিঙ্কট্যাঙ্কের। স্যাফ ফাইনালের গোল সন্দীপের আত্মবিশ্বাস কতটা বাড়াল তার অ্যাসিড টেস্ট যুবভারতীতেই। পাশাপাশি জিভুলিচ ও লালচুংনুঙ্গার জুটিও খাজার মতো মচমচে। সামান্য চাপেই ভেঙে পড়ে। মোদ্দা কথা, রক্ষণের শেপ বজায় রাখাই হাবাসের চ্যালেঞ্জ।
এএফসি’র নিয়মে ৬ বিদেশেকেই খেলানো যায়। এতদিন লুকাস, ইকোনমিডিসদের সেভাবে ব্যবহারই করেননি হাবাস। তা নিয়ে বিতর্ক দানা বাঁধছে। শোনা যাচ্ছে, আল হুসেইনের বিরুদ্ধে ম্যাচে টাইম পেতে পারেন অজি ফুটবলার ইকোনমিডস। পাশাপাশি রশিদ ও রামিরেজের উপর অনেক কিছু নির্ভরশীল। তবে ৩৫ পেরনো ড্যানির পক্ষে প্রতিদিন উজাড় করে দেওয়া অসম্ভব। তাই প্লে-মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা থাকছেই। এদিন কোচের সঙ্গে সাংবাদিক বৈঠকে এসেছিলেন একে লোবা। লাল-হলুদ জার্সিতে ইতিমধ্যেই তাঁর নামের পাশে ৪ গোল। আইভরি কোস্টের ফুটবলারের স্পার্ক আছে। এডমুন্ড না থাকায় তিনিই হাবাসের তুরুপের তাস হতে পারেন।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-১৫ মিনিটে। সম্প্রচার ফ্যান কোডে।



