নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শীর্ষ লিগ কীভাবে চালু করা সম্ভব, সেই নিয়েই বুধবার আইএসএলের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মোহন বাগান ছাড়া বাকি সব দলই এই বৈঠকে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টার বেশি আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বৈঠকে হাজির প্রতিটি ক্লাব একজোট হয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। আসলে কমার্শিয়াল পার্টনার বেছে নিতে চলতি মাসেই দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন। কিন্তু কোনও সংস্থাই আগ্রহ দেখায়নি। দু’একদিনের মধ্যেই তা নিয়ে সর্বোচ্চ আদালতে রিপোর্ট জমা দেবে নাগেশ্বর রাওয়ের কমিটি। আর দেশের ফুটবলকে ট্র্যাকে ফেরাতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবে ক্লাব জোট। একইসঙ্গে এফএসডিএলের সঙ্গেও বৈঠকে বসবে তারা। তার আগে অবশ্য বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে আলোচনায় বসবে আইএসএল ক্লাব জোট। এই বৈঠকে উপস্থিত থাকবেন আই লিগের ক্লাব কর্তারা।



