Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলা নববর্ষকে কেন্দ্র করে পোশাকের বাজার জমজমাট

বাংলা নববর্ষকে কেন্দ্র করে  পোশাকের বাজার জমজমাট
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: পয়লা বৈশাখ এলেই ছোট বড় নির্বিশেষ সকলেই বাংলা নববর্ষকে বরণ করতে সামিল হন। আবালবৃদ্ধবনিতা নতুন বছরে বাংলার সংস্কৃতিকে উৎসবে রূপ দেন। আর এই বর্ষ বরণকে কেন্দ্র করে অনেক আগে থেকে ফ্যাশন হাউজগুলোয় ব্যস্ততা শুরু হয়ে যায়। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলার ছোটোবড়ো বিপনিগুলো। পয়লা বৈশাখের জন্য কালেকশন সাজিয়েছে ছোটো বড়ো পোশাকের দোকান থেকে শপিং মলগুলো। দু›সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে তারই প্রস্তুতি। রঘুনাথগঞ্জের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি শপিং মলের স্টোর ম্যানেজার রঞ্জন দাস বলেন, ‘বাঙালির এই অন্যতম উৎসবের আবহকে তুলে ধরতে আমরা এই বৈশাখের বাঙালিয়ানার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিশেষ পোশাক রেখেছি। একটি হল রংবাহারি পাঞ্জাবি। অন্যটি মহিলাদের জন্য গ্রীষ্মে আরামদায়ক হালকা সূতির শাড়ি। বাঙালিদের বাঙালিয়ানাকে ধরে রাখতেই এই পোশাক এবারের নববর্ষের পোশাক। পুরুষদের জন্য পাঞ্জাবি ও মহিলাদের জন্য শাড়ি বাঙালির ১৬ আনা বাঙালিয়ানা সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অনন্য নিদর্শন হিসেবে সমাদৃত। সাধারণত তরুণ প্রজন্মের কথা ভেবে তৈরি করা পোশাক জুড়েই থাকছে বিশেষ ডিজাইন।

Advertisement

নববর্ষের পোশাকের মধ্যে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্টিচ ড্রেস ও ফ্রক থাকছে। আর বৈশাখের উৎসবকে রাঙাতে সব পণ্যে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, মেরুন ও সাদার সঙ্গে হালকা অথচ উজ্জ্বল রঙের নানারকম শেড। গরমের কথা বিবেচনায় রেখে ফেব্রিকে আরামের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে পোশাক প্রস্ততকারী বিভিন্ন সংস্থাগুলি। এছাড়াও গত ঈদের বাজারে ক্রেতাদের মন কেড়েছে পাকিস্তানি সালোয়ার ও স্যুট। এছাড়াও পাতলা ও ঝকঝকে কাপড়ে তৈরি জিমি চু সালোয়ার মহিলাদের মন কেড়েছে। সূতি, শিফনের লং ফ্রকের ও বাজারে চাহিদা ছিল। সেসবও থাকছে এবারের নতুন বছরের বস্ত্র সম্ভারে।
জঙ্গিপুরের হোল সেল বস্ত্র বিক্রেতা বাবু শেখ বলেন, কয়েকদিন আগেই ঈদের বাজার শেষ হয়েছে। তবে, এই গরমে হালকা সুতির পোশাকেরই চাহিদা বেশি। হালকা ও নরম কাপড়ই বেশি সাপ্লাই দিতে হচ্ছে। 
এছাড়াও পাওয়া যাবে বৈশাখ উপযোগী বিভিন্ন রকম হাতের চুড়ি, মালা, কানের দুল, লকেট, চুলের ব্যান্ড ইত্যাদি। ডাই ও প্রিন্ট ফেব্রিক, সুতা, পুঁতি, কড়ি ও কাপড়ের বলের এই জুয়েলারিও পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে জঙ্গিপুরে এবারের বাংলা নতুন বছর জমজমাট।

Advertisement
সম্পর্কিত সংবাদ