সংবাদদাতা, উলুবেড়িয়া: একটানা বৃষ্টি, পাশাপাশি স্লুইস গেট বন্ধ। ফলে আমতা ২ ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। এমনকী বিভিন্ন স্কুল, আইসিডিএস সেন্টারেও জল ঢুকেছে। এমন অবস্থায় পাম্প বসিয়ে এলাকাগুলি থেকে জল বের করার পরিকল্পনা করেছিল সেচদপ্তর। সেই মতো রবিবার বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করার কাজ শুরু হল।
ইতিমধ্যে খালনা, কুশবেড়িয়া, তাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পাম্প বসিয়ে জল বের করার কাজ শুরু হয়েছে। ঝামটিয়া, গাজিপুর, বাইনান, সাবসিট গ্রাম পঞ্চায়েত এলাকায় পাম্প বসানোর কাজ চলছে। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, অন্যান্য সময় ডিভিসি রোজ ৩/৪ হাজার কিউসেক জল ছাড়লেও এবারে রোজ ৩০/৪০ হাজার কিউসেক ছেড়েছে। ফলে দীর্ঘদিন নদীতে জলস্তর নামছে না, বিভিন্ন স্লুইস গেট খোলা যাচ্ছে না, জল নিকাশিও করা যাচ্ছে না। এছাড়া এবারে প্রায় ৭০ শতাংশ বৃষ্টিপাত বেশি হয়েছে এই এলাকায়। আর এই জোড়া ফলায় জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। তিনি বলেন, সেচদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল বের করার পরিকল্পনা করা হয়। সেইমতো বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল বের করার কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক। - নিজস্ব চিত্র