নয়াদিল্লি: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আজ সকালে কোচি থেকে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় সেটি বৃষ্টি ভেজা রানওয়ে থেকে ছিটকে যায়। এর ফলে বিমানের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে রানওয়েরও। যদিও কোনও যাত্রীর চোট-আঘাত লাগেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কবলে পড়া বিমানের ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে বিমানের ডাক দিকের ন্যাসেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনে লেগে আছে ঘাসে। যা থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, রানওয়ে থেকে সেটি ছিটকে গিয়েছিল।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের পরে রানওয়ের একদিকে প্লেনটি ছিটকে যায়। যার ফলে প্লেনের একটা চাকা পাশের ঘাসে ঢাকা মাঠে গিয়ে পড়ে। এই দুর্ঘটনার ফলে তিনটি সাইন বোর্ড ও রানওয়ের ধারের চারটি লাইট ভেঙে গিয়েছে বলে খবর। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরীক্ষার জন্য বিমানটি বসিয়ে দেওয়া হয়েছে।