ঘনিষ্ঠরা উধাও! কালীঘাটে মমতার বাড়ির পুজোয় শামিল আম জনতা
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর এ বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় অন্য ছবি। নেতা-নেত্রীদের ভিড় নেই। দেখা নেই আমলাদের। তবে এসেছিলেন কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার আমজনতা। মমতার বাড়িতে কালীপুজো এবং তাতে দুপুর থেকে অনেক রাত পর্যন্ত সাধারণ মানুষের উপস্থিতি এটাই গত ১৫ বছরের বেশি সময় ধরে দেখে এসেছে তামাম বাংলা। মমতা যখন বিরোধী নেত্রী, তখনও তাঁর বাড়িতে আমজনতা বরাবরের উপস্থিতি ছিল। আর ২০১১ সালে রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পর থেকে মমতার বাড়ির কালী প্রতিমা দর্শন করতে ভিড় যেন আরও বেড়েছিল। পালা বদলের পর রবিবার মমতার বাড়ির কালীপুজোয় কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। কালীঘাটের বাড়ির দেওয়ালে আগে থেকেই নোটিস দেওয়া ছিল, কোনো ধরনের উপহার সামগ্রিক গ্রহণ করা হবে না। মোবাইল ফোন ও ব্যাগ জমা রেখে ঢুকতে হয়েছে দর্শনার্থীদের। সাধারণ মানুষের উপস্থিতি থাকলেও, অচেনা ছবি হল নেতাদের অনুপস্থিতি। গত বছরে যে নেতাদের মমতার বাড়ির কালী পুজোয় সকাল থেকে রাত পর্যন্ত দেখা যেত তাঁরা আজ নেই। অনেকেই ফিরহাদ হাকিম ওরফে ববি, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের কথা তুলনা টেনেছেন। ববি এবং অরূপকে মমতার বাড়ির কালীপুজোয় আমজনতা থেকে সমাজের বিশিষ্ট মানুষদের অতিথি আপ্যায়নের বড় ভূমিকায় দেখা যেত। অতিথিদেরকে অভ্যর্থনা জানিয়ে মমতার বাড়িতে নিয়ে আসা, বসানো, চা-জলের ব্যবস্থা করা ইত্যাদিতে ববি, অরূপ ছিলেন মুখ্য আয়োজক। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে মমতার সঙ্গ ছেড়েছেন এরা দুজন। আর ইন্দ্রনীল সেন জেলবন্দি। মমতার বাড়ির পুজোয় এবার বড় ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। ছিলেন বিধায়ক কুণাল ঘোষ ও সাংসদ সৌগত রায়। এসেছিলেন বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির তৃণমূলের পরিচিত বেশ কিছু নেতা-নেত্রীকে দেখা গিয়েছে। প্রতিবছরের মতো এবারও মমতা নিজের বাড়ির পুজোয় যাবতীয় আয়োজনে ছিলেন নিজের হাতে ভোগ রান্না করেন। নিষ্ঠা ভুক্তি পরম্পরা সঙ্গেই পুজো হয়েছে। মমতার লেখা ও সুর দেওয়া গানগুলি বেজেছে। বাড়িতে আসা সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন মমতা। পুজোর পর বাড়িতে আসা প্রত্যেককে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। কালীঘাটের নেতারা বলছেন, মমতাকে যাঁরা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পাশে আছেন, তাঁরা এবারও এসেছেন।

Advertisement