সংবাদদাতা, ঝালদা : পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা এলাকার তোড়াং রেল স্টেশনে প্রস্তাবিত রেলওয়ে ওভারব্রিজ (আরওবি) নির্মাণের কাজ দ্রুত শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে শনিবার রাঁচি ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) করুণা নিধি সিংয়ের সঙ্গে তোড়াং স্টেশন পরিদর্শনে যান বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। পরিদর্শন চলাকালীন স্টেশনের বিভিন্ন পরিকাঠামো, প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিধায়ক রহিদাস জানান, স্টেশন সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ কালভার্টে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় স্থানীয় চাষিদের সমস্যায় পড়তে হচ্ছে। ওই কালভার্টের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছায়। বিষয়টি ডিআরএম-এর নজরে আনা হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন। বিধায়কের দাবি, অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধানের কাজ হবে।
এদিন বিধায়ক আরও জানান, তোড়াং এলাকায় বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের ক্ষেত্রে এতদিন মূল বাধা ছিল পূর্ত দপ্তরের অনাপত্তি শংসাপত্র (এনওসি)। বিগত রাজ্য সরকারের আমলে সেই ছাড়পত্র না মেলায় কাজ শুরু করা যায়নি। তবে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রয়োজনীয় এনওসি মিলেছে। ফলে খুব শীঘ্রই আরওবি নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।
বিধায়কের আরও দাবি, বাঘমুন্ডি এলাকার একাধিক রেল প্রকল্পের অনুমোদন আগেই কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উদ্যোগে সেগুলি এগিয়ে আনা হয়। পাশাপাশি মুরি–চান্ডিল রেল শাখায় ডবল লাইনের কাজ নিয়েও ডিআরএম-এর সঙ্গে আলোচনা হয়েছে। কেন্দ্রের অনুমোদন মিলেছে বলেও বিধায়ক জানান। -নিজস্ব চিত্র