নতুন শিল্পের ছাড়পত্র: দেরিতে শোকজ, নিষ্পত্তির দিন পেরোলেই মঞ্জুর ধরা হবে, লালফিতের ফাঁস খুলতে কড়া পদক্ষেপ নবান্নের
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পস্থাপনের পথে প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও লালফিতের ফাঁস কাটাতে বড়ো পদক্ষেপ করল নবান্ন। নির্ধারিত সময়ের মধ্যে শিল্প সংক্রান্ত কোনো অনুমোদন, শংসাপত্র, ছাড়পত্র বা লাইসেন্সের আবেদনের নিষ্পত্তি নাহলে, তা ‘মঞ্জুর’ হয়ে গিয়েছে বলেই গণ্য করা হবে। আবেদন নিষ্পত্তি না-হওয়ার কারণে শোকজ করা হবে সংশ্লিষ্ট অফিসারকে। এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। প্রতিটি দপ্তরে এই নির্দেশিকা পাঠিয়ে অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

Advertisement

দীপাবলির ঠিক আগে রাজ্যের নয়া শিল্পনীতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শিল্পস্থাপনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে কোনোরকম গাফিলতি এবং বিলম্ব বরদাস্ত করা হবে না। ওই ঘোষণার পরই প্রশাসনিক স্তরে এই পদক্ষেপকে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আবার আরও সহজে সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে ‘ইজ অব ডুইং বিজনেজ’ কর্মসূচির মাধ্যমে পদ্ধতির সরলীকরণ নিয়ে বুধবার নবান্নে মুখ্যসচিবসহ রাজ্যের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রের ক্যাবিনেট সচিবালয়ের পদস্থ কর্তারা।
নবান্ন সূত্রে খবর, রাজ্যে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা এবং শিল্পস্থাপনের প্রক্রিয়া সহজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিনিয়োগকারীদের যাতে অনুমোদন পেতে দপ্তরে দপ্তরে ঘুরতে না-হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে সরকার। নির্ধারিত সময়ে আবেদনের নিষ্পত্তি না-হলে দপ্তরের প্রধানরা সংশ্লিষ্ট অফিসারকে শোকজ নোটিস পাঠাবেন।  কেন যথাসময়ে আবেদনের নিষ্পত্তি হয়নি, তার ব্যাখ্যা চাওয়া হবে। নোটিসের জবাব দিতে হবে ১৫ দিনের মধ্যে। জবাব পর্যালোচনা করেই নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া পূর্ববর্তী মাসের নিষ্পত্তি না-হওয়া আবেদনগুলির বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে চলতি মাসের ১০ তারিখের মধ্যে। এই নিয়মেই প্রতিমাসের মাসের ১০ তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন অনুসারে নির্ধারিত সময়সীমা মেনেই পরিষেবা প্রদানের বিষয়টি নিয়মিত পর্যালোচনা করতে হবে দপ্তরগুলির প্রধানদের।