নিজের হাতে জুহু সৈকত পরিষ্কার করতে উদ্যোগী হলেন অভিনেতা অক্ষয় কুমার। প্রতিবারের মতো গণেশ চতুর্থীর শেষে জুহু সৈকত আবর্জনায় ভরে রয়েছে। রবিবার সকালে সেই অপরিচ্ছন্নতা দূর করতে উদ্যোগী হলেন অক্ষয়। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা, বিএমসি কমিশনার ভূষণ গগরানি। সৈকত থেকে ফুল, মালা সরাতে দেখা গিয়েছে তাঁদের। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন এমন উদ্যোগ অক্ষয়ের? তাঁর জবাব, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখা ভীষণ প্রয়োজন। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এই দিকে নজর দিতে বলেছেন। পরিচ্ছন্নতা বজায় রাখা কেবল সরকারের কাজই নয়, বরং প্রত্যেক সাধারণ মানুষের দায়িত্ব।’



