Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচদিন হয়ে গেল সাফাই কাজ বন্ধ উত্তরপাড়ায়, শহরজুড়ে নরকযন্ত্রণা

পাঁচদিন হয়ে গেল সাফাই কাজ বন্ধ উত্তরপাড়ায়, শহরজুড়ে নরকযন্ত্রণা
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাঁচদিন কেটে গিয়েছে। এখনও সম্পূর্ণ মেটেনি উত্তরপাড়া শহরের জঞ্জাল সাফাই সমস্যা। মঙ্গলবারও ঠিকাকর্মীদের আন্দোলন অব্যাহত। এখনও জমে রয়েছে আবর্জনার স্তূপ। মূল রাস্তা থেকে শহরের আনাচকানাচ, সর্বত্র পচা গন্ধে টেঁকা দায়। বসত বাড়িতে জমে জঞ্জাল। বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। মঙ্গলবার বাসিন্দাদের ক্ষোভ ক্রমে তীব্র হচ্ছে। সমাজমাধ্যমে পুর প্রশাসনের বিরুদ্ধে চলছে লাগাতার সমালোচনা। এমনকি সামাজিক মাধ্যমে পুরসভার নিজস্ব গ্রুপেও পুরকর্তাদের দিনভর মুণ্ডপাত করেছে মানুষ।

Advertisement

সোমবারই প্রশ্ন উঠেছিল জঞ্জাল সাফাই নিয়ে বিকল্প ব্যবস্থা কেন পুরসভার কাছে নেই? সে প্রশ্নের সদুত্তর মেলেনি। তবে মঙ্গলবার দুপুরের পর পুরসভা নিজস্ব কিছু কর্মীকে সাফাই কাজের জন্য নামায়। তাঁরা মূলত রাস্তাঘাটে থাকা ভ্যাটগুলি পরিষ্কার করেছেন। আজ, বুধবার বাড়ি বাড়ি গিয়ে সাফাই কাজের জন্য অতিরিক্ত কর্মী পুরসভা নামাবে বলে জানা গিয়েছে। অতিরিক্ত কিছু কর্মী অস্থায়ীভাবে পুরসভা কাজে লাগাবে। তবে মূল সমস্যার সমাধান এখনও হয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত সাফাই কাজে নিযুক্ত পুরসভার ঠিকাদার সংস্থার কর্মীরা কাজে ফেরার কোনও ইঙ্গিতই দেননি। ফলে সাফাই কাজ এখনও স্বাভাবিক গতিপ্রাপ্ত হবে বলে কোনও ইঙ্গিত মিলছে না। তবে পুরসভা সূত্রে ইঙ্গিত, সাফাই কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থাকে দ্রুত বাতিল করতে প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এদিন সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা পাল্টা কয়েকজন কর্মীর বিরুদ্ধে বাকি কর্মীদের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের করেছে সংস্থা। পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এ সব বিষয়ে বলেন, ‘কোনও সন্দেহ নেই পুরসভার তরফে আমরা মানুষকে চারদিন সাফাই পরিষেবা দিতে পারিনি। তবে সব কাজেরই একটি পদ্ধতি থাকে। আমরা মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। ঠিকাদার সংস্থা তার কর্মীদের কাজে নামাতে পারেনি।’ তিনি জানান, অবস্থা সামাল দিতে দুপুরের পর পুরসভার ১০০ কর্মী শহর সাফ করার কাজে লেগেছে। আরও শতাধিক কর্মী কাজে নামবে। বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সাফাই কাজ হবে। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে এ বিষয়ে ঠিকাদার সংস্থাটির তরফে পাল্টা কেউ কোনও মন্তব্য করতে চায়নি।
উত্তরপাড়া পুরসভা ঠিকাদার সংস্থাকে বরাত দিয়ে শহরের সাফাই কাজ করায়। দীর্ঘবছর ধরেই এই পদ্ধতি চলে আসছে। সম্প্রতি সংস্থার বিরুদ্ধে সাফাইকর্মীরা ভাতা থেকে অন্যান্য সুযোগ সুবিধা ঠিকমতো না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু হয়। তার জেরে সাফাই কাজ বন্ধ। মঙ্গলবারও সমস্যার স্থায়ী সমাধান অধরা। তার জেরে ক্রমশ নরক হয়ে উঠছে শহর। বাসিন্দাদের সমস্যা অসহনীয় হয়ে উঠেছে। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

Advertisement
সম্পর্কিত সংবাদ