নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপের আগেই অশান্তির কালো মেঘ ইস্ট বেঙ্গলে। চেন্নাইয়ানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন কোচের সঙ্গে ঝামেলায় জড়ালেন ক্লেটন সিলভা। ব্রাজিলিয়ান ফুটবলারকে তুলে নেওয়ার পর রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন তিনি। বর্ষীয়ান ফুটবলারের উপর ক্ষেপে লাল অস্কার। সবমিলিয়ে প্রবল অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট।
এদিন রাজারহাটের সেন্টার অব এক্সিলেন্সে চেন্নাইয়ানের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের। ৩০ মিনিট করে তিনটি কোয়ার্টারে ম্যাচ হয়। আনোয়ারের লক্ষ্যভেদে ১-০ গোলে ম্যাচ জেতে ইস্ট বেঙ্গল। দ্বিতীয় কোয়ার্টারে ক্লেটনকে মাঠে নামান অস্কার। এরপরেই বিতর্কের শুরু। কোচের নির্দেশকে কেন্দ্র করে পাল্টা গলা চড়ান ক্লেটন। কালবিলম্ব না করে ব্রাজিলিয়ানের বদলে ডেভিডকে নামিয়ে দেন অস্কার। ড্রেসিং-রুমে ফিরে কিটব্যাগ নিয়ে বেরিয়ে যান ক্লেটন। গোটা মরশুমে তেমন সার্ভিস দিতে পারেননি তিনি। নামের পাশে নেই কোনও গোল। চোটের কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন। সুপার কাপের জন্য ইতিমধ্যেই তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে। কিন্তু এদিনের ঘটনার পর ক্লেটনকে কি আদৌ বয়ে বেড়াবেন অস্কার? ড্যামেজ কন্ট্রোল করাই থিঙ্কট্যাঙ্কের আসল চ্যালেঞ্জ।