৩ নভেম্বর ক্লাস শুরু, ৪৫০টি বি এড কলেজের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্লাস শুরু হবে ৩ নভেম্বর থেকে। হাতে সময় এক সপ্তাহেরও কম। এদিকে প্রায় সাড়ে চারশো বি এড কলেজের অনুমোদন আটকে রয়েছে বিকাশ ভবনে। শোকজের চিঠি পাওয়া কলেজগুলিতে এ মাসের শুরুতেই তিন-চারদিন ধরে ফের পরিদর্শন করে উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ প্রতিনিধি দল। সেই রিপোর্ট বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ঘুরে গিয়েছে উচ্চশিক্ষা দপ্তরেই। তবে এনিয়ে কোনো সিদ্ধান্ত এখনও না জানানোয় বিপাকে কলেজগুলি। মামলার জন্য আইনি পরামর্শও নিতে শুরু করেছে তারা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কমবেশি ১৮০টি কলেজে পড়ুয়া ভরতি শেষ হয়েছে। তবে সেই হার আশাব্যাঞ্জক নয়। হাজার দশেক পড়ুয়া এখনও পর্যন্ত কলেজগুলিতে ভরতি হয়েছে বলে খবর। এদিকে, বাকি প্রায় ৪৫০টি কলেজ আদৌ অনুমোদন পাবে কি না, তার নিশ্চয়তা নেই। ফলে সেগুলি অনুমোদন পেলেও ছাত্র ভরতি করাতে পারবে কি না, সেই প্রশ্ন রয়েছে। একটি কলেজের কর্ণধার বলেন, ‘শিক্ষার মান ধরে রাখা যেমন আবশ্যিক, তেমনই হাজার হাজার মানুষের রুটিরুজিও জরুরি বিষয়। কলেজগুলি উঠে গেলে কর্মহীন হয়ে পড়বেন এর সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও অন্যান্য কর্মী। এ বিষয়ে নজর দিক সরকার।’ বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ ব্যক্তিত্ব অবশ্য বলেন, ‘উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে, ২০ নভেম্বর পর্যন্ত পড়ুয়া ভরতি করা যাবে। তাই আশঙ্কার কিছু নেই।’ যদিও ওয়াকিবহাল মহলের বক্তব্য, এতটা দেরি হয়ে যাওয়ায় ভিন রাজ্যের পড়ুয়া হারিয়েছে এ রাজ্যের কলেজগুলি। এ রাজ্যের পড়ুয়ারাও অন্যত্র চলে গিয়েছেন। 

Advertisement