চণ্ডীগড়: গোরু-মোষ থাকার জায়গা। উপরে ছাউনি দেওয়া। চারপাশটা কোনোরকমে ঘিরে ফেলা হয়েছে। একদিকে এখনও গোবর, আবর্জনা, খড়কুটো পড়ে রয়েছে। আর সেই গোয়ালঘরেই চলছে হরিয়ানার কুবদা বাস গ্রামের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়’। জানা গিয়েছে, এখানে প্রি-প্রাইমারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। পড়ুয়া সংখ্যা মাত্র ৬২। পড়ুয়াদের ছুটি হয়ে গেলে ফের সেই জায়গাতেই গোরু-মোষ বেঁধে রাখা হয়। হরিয়ানার শিক্ষা ব্যবস্থার এমন বেহাল দশা সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড়। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার লঙ্ঘনের বিষয়টিও মাথাচাড়া দিয়েছে। এনিয়ে উদ্বিগ্ন হরিয়ানার মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধু কুবদা নয়। হরিয়ানার কালুবাস গ্রামেও খোলা মাঠে পঠন-পাঠনের দৃশ্য সামনে এসেছে। গাছে ব্ল্যাকবোর্ড বাঁধা রয়েছে। খোলা আকাশের নীচে পড়াশোনায় ব্যস্ত খুদেরা।



