নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি জেলায় ২১১টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হল। তারমধ্যে আরামবাগ মহকুমার ছ’টি ব্লকে ৭৫টি স্কুলকে পঞ্চমে ভরতির ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী শিক্ষা বর্ষ থেকেই সেইসব স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভরতি করতে পারবে বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি এমনই ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পড়ানোর জন্য ক্লাসরুম নিয়ে বহু স্কুল কর্তৃপক্ষই চিন্তায় পড়েছে। পর্যাপ্ত ক্লাস রুম না থাকায় পড়ুয়াদের কোথায় বসানো হবে, তা নিয়ে ভাবনা চিন্তা করছেন শিক্ষকরা। সমস্যা রয়েছে শৌচালয়েরও। তারই মধ্যে আবার পঞ্চম শ্রেণিতে ভরতি করানোর আহ্বান জানিয়ে স্কুলগুলি প্রচারও শুরু করেছে। সামাজিক মাধ্যমেও স্কুলের তরফে পড়ুয়া ভরতি করার আহ্বান জানানো হচ্ছে। এই ব্যাপারে সরব হয়েছে বিরোধীরাও।
সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির অনুমোদন দেওয়া নিয়ে আমাদের নীতিগত কোনো আপত্তি নেই। আমাদের সরকারের সময়েও পঞ্চম শ্রেণি শুরু করা হয়েছিল। এর ফলে পড়ুয়াদের মধ্যে স্কুল ছুট হওয়ার প্রবণতা কমতে পারে। তবে সরকারকে প্রত্যেকটি স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামো ঠিক করতে হবে।
এব্যাপারে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন বাগ বলেন, আগামী শিক্ষা বর্ষের জন্য ২১১টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভরতির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে জেলার সব প্রাথমিক বিদ্যালয়েই পঞ্চম শ্রেণির পঠনপাঠন করানো হবে। রাজ্য দ্রুত শিক্ষা ব্যবস্থায় সংস্কার করছে। স্কুলগুলিতে পরিকাঠামোগত যে ত্রুটি রয়েছে তাও পূরণ করা হবে। কোথায় কোথায় পরিকাঠামো গঠনের প্রয়োজনীয়তা রয়েছে তা রাজ্যের কাছে পাঠানো হচ্ছে।
গোঘাটের নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মাপুই বলেন, পঞ্চম শ্রেণিতে পড়ুয়াদের ভরতি করার ব্যাপারে অনুমোদন মিলেছে। এজন্য এলাকায় প্রচার করা হচ্ছে। অভিভাবকদের মধ্যে আলাদা করে তা জানানো হচ্ছে। তবে স্কুলে ক্লাস রুমের অভাব রয়েছে। প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির পড়ুয়াদের স্কুলের বারান্দায় বসাতে হবে। অতিরিক্ত শ্রেণি কক্ষের ব্যবস্থা হলে ভালো হয়। না হলে বর্ষাকালে খুবই অসুবিধায় পড়তে হবে। আমরা এজন্য আগেই প্রশাসনকে জানিয়েছি।
আরামবাগের চকানল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি নাসিমুল ইসলাম বলেন, স্কুলে আপাতত তিনটি ক্লাস রুম ব্যবহার করা হচ্ছে। তারমধ্যে তৃতীয় শ্রেণির জন্য একটি ঘর ও বাকি চারটি ক্লাস দু’টি কক্ষে করানো হচ্ছে। অতিরিক্ত শ্রেণিকক্ষ প্রয়োজন। দু’টি ঘর বেহাল হয়ে রয়েছে। জরুরি ভিত্তিতে মেরামতের জন্য আবেদনও জানানো আছে। সেগুলির সংস্কার হলে পঞ্চম শ্রেণির ক্লাস সহজে করানো সম্ভব হবে।



