নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর আরও ৩১৯৯টি প্রাথমিক স্কুলে চালু হতে চলেছে পঞ্চম শ্রেণি। শিক্ষার অধিকার আইন মেনেই দফায় দফায় প্রাথমিকে পঞ্চম শ্রেণি ফেরাতে শুরু করেছিল পূর্বতন সরকার। তারই পর্যায়ক্রম হিসাবে এই স্কুলগুলিকে বাছাই করা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষার অংশ ধরা হয়। আমাদের রাজ্যে বরাবরই পঞ্চম শ্রেণি হাইস্কুল বা জুনিয়র হাইস্কুলের অংশ ছিল।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা বলেন, ২০১৯ সাল থেকে সরকার এই উদ্যোগ শুরু করেছে। প্রথম ধাপে ১৭ হাজার স্কুলে পঞ্চম শ্রেণি চালু করা হয়। দ্বিতীয় ধাপে এর আওতায় আনা হয় ২৩৩৮টি স্কুলকে। এবার প্রায় ৩২০০ স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি। ২০৩০ সালের মধ্যে মোট ৫০ হাজার স্কুলেই পঞ্চম শ্রেণি চালু করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে, আমরা বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছি, পঞ্চম শ্রেণি চালু করলেই হবে না। তার জন্য প্রাথমিকে শিক্ষক বাড়ানোও প্রয়োজন। এর জন্য একটি করে অতিরিক্ত ক্লাসরুম তৈরির কথাও রয়েছে। তবে, এখনো পর্যন্ত নিয়োগ বা পরিকাঠামো উন্নয়নে কোনো কাজ হয়নি। ফলে সব মিলিয়ে পঠনপাঠন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারা।



