নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছেলের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা-মা। বকাঝকা করেছেন। ‘পরামর্শ’ দিয়েছেন, পড়াশোনায় মন দাও। অভিমানের সূত্রপাত সেখান থেকেই। শেষ হল প্রাণ দিয়ে। প্রেমিকাকে ভিডিয়ো কল করে আত্মঘাতী হল প্রেমিক জিৎ বিশ্বাস (১৭)। আর সেই ভিডিয়ো কলে প্রেমিকের চরম পরিণতি দেখে কয়েক মিনিটের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় প্রেমিকা পূজা মণ্ডলও (১৬)। বৃহস্পতিবার রাতে অশোকনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমেছে দুই পরিবারেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতের বাড়ি অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কেওসা কলোনিতে। তার বাবা-মা থাকেন বাংলাদেশে। কয়েক বছর আগে অশোকনগরে চলে আসে জিৎ। স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে একাই থাকত সে। মাঝেমধ্যে ছেলের কাছে আসতেন বাবা-মা। অন্যদিকে, পূজার বাড়ি ভুরকুণ্ডা পঞ্চায়েতের সেনডাঙা মধ্যপাড়ায়। দুই পঞ্চায়েত আলাদা হলেও দু’জনের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। জিৎ ও পূজা দু’জনেই সেনডাঙা চতুর্দশপল্লি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। একই গৃহশিক্ষকের কাছে পড়ত তারা। সেখান থেকে ঘনিষ্ঠতা বলেই দাবি পরিবারের। প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক। জিতের বাড়িতেও যাতায়াত ছিল পূজার। তবে বিপত্তির সূত্রপাত সম্প্রতি। ক’দিন আগে অশোকনগরের বাড়িতে এসে ছেলের প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন জিতের বাবা-মা। পড়াশোনা ও ভবিষ্যতের দিকে মন দেওয়ার পরামর্শ দেন তাঁরা। আর এ নিয়ে ছেলেকে বকাঝকাও করেন বলে খবর। দু’দিন আগে বাংলাদেশে ফিরে যান তাঁরা। এরপরেই বৃহস্পতিবার রাতে ঘটে মর্মান্তিক ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রেমিকাকে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করেছিল জিৎ। সেই কল চলাকালীনই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে সে। প্রেমিকের এহেন পরিণতি চোখের সামনে দেখে ভেঙে পড়ে পূজা। এর কয়েক মিনিটের মধ্যেই নিজের বাড়িতে সেও গলায় দড়ি দেয়। ঘটনার সময় পূজার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। রাতে বাড়ি ফিরে পরিবারের লোকজন পূজার মর্মান্তিক পরিণতির বিষয়টি জানতে পারেন। পূজার দেহ যখন উদ্ধার হয়, তখনও জিতের ভিডিয়ো কল চালু ছিল। মোবাইলের পরদায় দেখা যাচ্ছিল তার ঝুলন্ত দেহ।
বুধবার ফোঁটা দিয়েছিল পূজা। তার পরের দিনই বোনের এমন পরিণতিতে শোকস্তব্ধ দাদা দীপু মণ্ডল। পূজার মা ফুলেশ্বরী মণ্ডল বলেন, ‘মেয়ের প্রেমের কথা জানতাম না। এদিন দুপুরে মেয়ে আমাকে খেতে দিয়েছিল। ওকে খেতে বলেছিলাম। পূজা বলেছিল পরে খাবে। আমি কাজে চলে যাই। পরে শুনি, মেয়ে আত্মঘাতী হয়েছে। বাড়িতে এসে দেখি মেয়ের ফোনে ভিডিয়ো কল চালু। জিতের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ থেকে অশোকনগরের উদ্দেশে রওনা দিয়েছেন পরিবারের সদস্যেরা। এদিকে অশোকনগর থানার পুলিশ জানিয়েছে, দুই পরিবারের কেউই এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।



