Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের লাভপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ২, গুরুতর জখম ৩

নকল সোনার কয়েনের কারবারের গড় বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রাম

বীরভূমের লাভপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ২, গুরুতর জখম ৩
  • ২১ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: নকল সোনার কয়েনের কারবারের গড় বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রাম। এই গ্রামেই দীর্ঘদিন ধরেই নকল সোনার কয়েনের ব্যবসা চলে। এবার সেই গ্রামেই ব্যাপক অশান্তি। গতকাল, শুক্রবার রাতে হাতিয়ায় নকল সোনার কয়েনের কারবারির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। রাতভর বোমাবাজি চলে বলে অভিযোগ। এমনকী আজ, শনিবার ভোরেও বোমাবাজি হয় ওই এলাকায়। বোমাবাজির ঘটনায় দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাদের নাম সাবির শেখ ও আলমগীর শেখ। বোমা বাঁধতে গিয়েই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিস সূত্রে খবর। এছাড়াও তিনজন গুরুতর আহত। তাদের বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে লাভপুর থানার বিশাল পুলিস বাহিনী রয়েছে। এলাকায় এলাকায় টহল দিচ্ছে তারা।

Advertisement

এই বিষয়ে, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার স্পষ্টবার্তা, কাউকেই রেয়াত করা হবে না। যদি দলেরও কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে পুলিসকে জানিয়েছি। এলাকা শান্ত রাখার জন্য পুলিসের যা যা করণীয় সেটাই করবে। স্থানীয় সূত্রে খবর, হাতিয়াতে নকল সোনার কয়েনের কারবার চালাত মূলত দুই গোষ্ঠী। তাদের মধ্যে এক গোষ্ঠীর দুষ্কৃতীরা, এতদিন গ্রামের বাইরে ছিল। গতকাল, তারা গ্রামে ফিরতেই অপর গোষ্ঠীর সঙ্গে ঝামেলা শুরু হয়।

লাভপুরের হাতিয়া গ্রামেই এই নকল সোনার কয়েনের কারবার চলে। যাকে কেন্দ্র করে প্রতারণাও হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার বা শহরের ব্যক্তিদের ফোন করে ওই নকল সোনার কয়েনের কারবারিরা বলত, মাটি খুঁড়ে বা পুরনো বাড়ি ভেঙে সোনার কয়েনের ঘরা পেয়েছেন তারা। কম দামে বিক্রি করে দেবেন তারা। তারপরেই কলকাতা বা শহরের কোনও ক্রেতাকে বীরভূমের শান্তিনিকেতনে যেতে বলা হতো। সেখানে গেলেই প্রতারণা করে টাকা-পয়সা লুট করত ওই দুষ্কৃতীরা। কিন্তু চক্ষুলজ্জার খাতিরে পুলিসে কোনও দিন অভিযোগ জানায়নি প্রতারিতরা। এবার সেই হাতিয়া গ্রামেই অশান্তির জেরে তটস্থ জেলা পুলিসের আধিকারিকরা।  

 

Advertisement
সম্পর্কিত সংবাদ