সংবাদদাতা, কল্যাণী: রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন চাকদহ ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার রাজু রায়। ৮ নভেম্বর সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ চাকদহের ব্যস্ত রাস্তায় ডিউটি করার সময় রাস্তায় পড়ে থাকা নথি ও টাকা ভর্তি একটি ব্যাগ তাঁর নজরে আসে। এরপর ওই ব্যাগ ট্রাফিক গার্ডে এনে স্থানীয় ব্যবসায়ী এবং ট্রাফিক পুলিশের অফিসারদের উপস্থিতিতে খোলা হয়। তাতে ওই ব্যাগের মালিক গৌতম মল্লিকের সন্ধান পাওয়া যায়।
এরপর মঙ্গলবার চাকদহের কেবিএম এলাকার বাসিন্দা গৌতমবাবুর হাতে ওই ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, তাঁর অসতর্কতায় বড় ব্যাগ থেকে টাকা ভর্তি ছোট ব্যাগটি রাস্তায় পড়ে যায়। সেটাই কুড়িয়ে পান ওই সিভিক ভলান্টিয়ার। রাজু রায়ের এই উদ্যোগে খুশি পুলিশমহল। তাঁর সততা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে তাঁকে যথাযথভাবে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব চিত্র



