সংবাদদাতা, উলুবেড়িয়া: আলোচনা সভা থেকে বের হওয়ার পর এক ব্যক্তিকে লাঠি, লোহার রড ও বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে শ্যামপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার শেখ মইদুলের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শ্যামপুর থানার নাকোল অঞ্চলের নাউল এলাকায়। আক্রান্ত শেখ আসফাকউদ্দিন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আক্রান্ত ব্যক্তির পরিবারের বক্তব্য, শুক্রবার রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হবে। ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার সহ পাঁচ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।



