লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার গুডিসন পার্কে এভার্টনকে ২-০ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৮৪ মিনিটে জাল কাঁপান ২০ বছরের নিকো ও’রেইলি। সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান ক্রোয়েশিয়ান কোভাসিচ। এই জয়ের ফলে চতুর্থ স্থানে উঠে এল সিটিজেনরা। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। অন্যদিকে, রবিবার দুরন্ত ফর্মে থাকা লিভারপুল মাঠে নামছে লেস্টার সিটির বিরুদ্ধে। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আর্নে স্লটের দল। শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১০। রবিবার লেস্টার সিটির ব্যারিকেড টপকাতে পারলে খেতাব জয়ের দিকে আরও এক পা বাড়িয়ে দেবে লিভারপুল। প্রতিপক্ষ লেস্টার অবশ্য চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই। ৩২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১৯ নম্বরে তারা।



