Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ সিটি-লিভারপুল দ্বৈরথ

গত কয়েক বছর প্রিমিয়ার লিগ খেতাবি লড়াইটা ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। ২০১৭-১৮ মরশুম থেকে একচেটিয়া দাপট দেখিয়েছে এই দু’দল।

আজ সিটি-লিভারপুল দ্বৈরথ
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: গত কয়েক বছর প্রিমিয়ার লিগ খেতাবি লড়াইটা ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। ২০১৭-১৮ মরশুম থেকে একচেটিয়া দাপট দেখিয়েছে এই দু’দল। এর মধ্যে অবশ্য ছ’বার শিরোপা নিশ্চিত করেছে পেপ গুয়ার্দিওলা-ব্রিগেড। সেখানে লিভারপুল জিতেছে মাত্র দু’বার। এর মধ্যে রয়েছে গতবারের লিগ জয়। গত আট বছরে অবশ্য সব থেকে খারাপ মরশুম কাটিয়েছে সিটিজেনরা। তবে সেই ধাক্কা সামলে চলতি মরশুমে চেনা ছন্দে ফিরতে মরিয়া পেপ-ব্রিগেড। লিগে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। এমন পরিস্থিতিতে রবিবার এতিহাদ স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে এই দুই হেভিওয়েট দল। ঘরের মাঠে জিতে শীর্ষে থাকা আর্সেনালের উপর চাপ বজায় রাখাই লক্ষ্য ম্যান সিটির। পক্ষান্তরে, লিভারপুল চাইবে অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে।

Advertisement

গতবার ইপিএলে দু’লেগেই সিটিকে বশ মানিয়েছিল লিভারপুল। স্ট্র্যাটেজির লড়াইয়ে পেপকে টেক্কা দেন আর্নে স্লট। তবে চলতি মরশুমে শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে ‘দ্য রেডস’। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় অবশ্যই দলের মনোবল অনেকটাই বাড়াবে। কোচ আর্নে স্লটও চাইবেন, ম্যান সিটির বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে। অন্যদিকে, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ সাত ম্যাটের মধ্যে ছ’টিতে জিতেছে পেপ-ব্রিগেড। দুরন্ত ছন্দে আর্লিং হালান্ড। তবে রক্ষণ নিয়ে চিন্তা থাকছেই।
এদিকে, ঘরের মাঠে ম্যান ইউয়ের বিরুদ্ধে সংযোজিত সময়ের গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ টটেনহ্যাম হটস্পার। ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে দুরন্ত গোলে রেড ডেভিলসের হার বাঁচান ডে লিড। ২-২ গোলে শেষ হয় ম্যাচ। ম্যান ইউয়ের হয়ে অপর গোলটি ব্রায়ানের। স্পারের দুই গোলদাতা যথাক্রমে ম্যাথিস টেল ও রিচার্লিসন। এই ড্রয়ের ফলে তৃতীয় স্থানে উঠে এল টটেনহ্যাম (১১ ম্যাচে ১৮ পয়েন্ট)। আর ম্যান ইউয়ের অবস্থান সপ্তম স্থানে (১১ ম্যাচে ১৮ পয়েন্ট)।
আজ ইপিএলে— ম্যান সিটি : লিভারপুল (রাত ১০ টা)
 সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে

Advertisement
সম্পর্কিত সংবাদ