Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বালুরঘাট পুরসভায় লিখিত অভিযোগের দিন শেষ, আবর্জনা সংগ্রহের গাড়ি আসার আগেই নাগরিকদের মোবাইলে বাজবে অ্যালার্ম

পুরসভায় গিয়ে লিখিত অভিযোগ করার দিন শেষ। এবার মেশিনের সামনে দাঁড়িয়ে অভিযোগ বললেই কাজ শেষ।

বালুরঘাট পুরসভায় লিখিত অভিযোগের দিন শেষ, আবর্জনা সংগ্রহের গাড়ি আসার আগেই নাগরিকদের মোবাইলে বাজবে অ্যালার্ম
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: পুরসভায় গিয়ে লিখিত অভিযোগ করার দিন শেষ। এবার মেশিনের সামনে দাঁড়িয়ে অভিযোগ বললেই কাজ শেষ। সেজন্য বালুরঘাট পুরসভায় অভিযোগের খাতার বদলে এবার আনা হচ্ছে স্বয়ংক্রিয় একটি মেশিন। পুরসভার নতুন চেয়ারম্যানের প্রথম বোর্ড মিটিংয়ে এমন অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকায় লাইট খারাপ, জলের মেশিন কাজ করে না, এমন সব অভিযোগ আগে লিখিত আকারে জানাতে হত। সেসব এবার সরাসরি ওই মেশিনের মাধ্যমে গ্রহণ করা হবে। এছাড়াও প্রথম বোর্ড মিটিংয়ে একাধিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। আয় বাড়াতেও একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে পুরসভা। পুর চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, অভিযোগ নথিবদ্ধ করার জন্য একটি অত্যাধুনিক মেশিন বসানো হবে। এছাড়া শহরে আবর্জনা পরিষ্কারের জন্য অ্যালার্ম সিস্টেম চালু করা হচ্ছে। সাফাই নিয়ে নানা অভিযোগ থাকে। তাই এবার সাফাইয়ের গাড়িগুলি একটি অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে। যার মাধ্যমে আবর্জনা সংগ্রহের গাড়ি আসার আগেই নাগরিকদের মোবাইলে অ্যালার্ম বাজতে শুরু হবে। আয় বাড়াতে বকেয়া পুর কর এবং ভাড়া আদায়ে জোর দেওয়া হচ্ছে। আরো একাধিক ভাবনা তাড়াতাড়ি বাস্তবায়িত করা হবে।  বৃহস্পতিবার বিকেলের বোর্ড মিটিংয়ে সমস্ত কাউন্সিলার উপস্থিত ছিলেন। দেখা গিয়েছে সদ্য প্রাক্তন পুর চেয়ারম্যান অশোক মিত্রকেও। 

Advertisement


মিটিংয়ে অশোকের সময়কালে শুরু হওয়া ফুডপ্লাজার কাজ নানা অভিযোগের ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে। যাচাই করে পুনরায় চালু করা হবে বলে পুরসভার সূত্রে খবর। তবে, ওই ফুড প্লাজায় কোন ব্যবসায়ীদের বসানো হবে, তা নিয়ে কিছুক্ষণ প্রাক্তন পুরচেয়ারম্যান এবং কয়েকজন কাউন্সিলারের সঙ্গে তর্কবিতর্ক হয়। এনিয়ে শেষপর্যন্ত ভোটাভুটিও হয়েছে। পরে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হয়।এদিকে, বালুরঘাট পুরসভা বিভিন্ন সরকারি অফিসগুলি থেকে কর বাবদ প্রায় ১২ কোটি টাকা পাবে। সেই বকেয়া আদায়ের উপর জোর দেওয়া হচ্ছে। আগামীতে অফিসগুলিতে টাকা আদায় করার জন্য যাবেন পুর চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলার। এছাড়া একটি সুইমিং পুল রয়েছে পুরসভার। সেখানে সাঁতার শেখার চাহিদা বাড়ছে। তাই দ্বিতীয় সুইমিং পুল তৈরির ভাবনাও রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ