যন্তরমন্তরে সিআইএসফ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই, সংসদীয় কমিটিকে জানালেন শীর্ষকর্তা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানেই যাদের মূল পাহারা দেওয়ার দায়িত্ব, তারা কেন যন্তরমন্তরে জেন জি আন্দোলন রুখতে গিয়েছিল? সোমবার এমনই প্রশ্নের মুখে পড়তে হল সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স) কর্তাদের। সংসদের কমিটির অন পাবলিক আন্ডারটেকিংসের বৈঠক বসেছিল এদিন। হাজির হয়েছিলেন সিআইএসএফের ডিজি প্রবীর রঞ্জন সহ আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। তাঁদের সামনে পেয়ে কমিটির দুই সদস্য কংগ্রেসের নাসির হুসেন এবং সিপিএমের জন ব্রিটাস যন্তরমন্তর ইস্যু তোলেন বলেই অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। জবাবে অবশ্য সিআইএসএফ জানিয়েছে,  তাদের কাছে ১৫ ব্যাটেলিয়ন রিজার্ভ ফোর্স রাখা থাকে। স্বরাষ্ট্র মন্ত্রক যখন যেমন নির্দেশ দেয়, সেই মতো কর্তব্য পালন করে বাহিনী। নিজের ইচ্ছায় কোথাও যায় না। যন্তরমন্তরের ক্ষেত্রেও তাই হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকই যে যন্তরমন্তরে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনে সিআইএসএফকে ব্যবহার করেছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে গেল বলেই রাজনৈতিক মহলের মত। বিশ্বস্ত সূত্রে খবর, এদিনের বৈঠকে কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সৌগত রায় কলকাতা বিমানবন্দরে সম্প্রতি তাঁকে হেনস্থার ঘটনার কথা উল্লেখ করেন। তাঁকে সমর্থন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। জবাবে সিআইএসএফ কর্তা সবিনয়ে জানান, বিষয়টি তাঁদের জানা ছিল না। ভবিষ্যতে খেয়াল রাখবেন। 

Advertisement