দুবরাজপুরকে কেন্দ্র করে হবে সার্কিট ট্যুরিজম, পরিকল্পনা জেলা প্রশাসনের, জলাধার, পাহাড় থেকে উষ্ণ প্রস্রবণ ও রাজবাড়ি
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জলাধার, পাহাড়, উষ্ণ প্রস্রবণ, ঐতিহাসিক রাজবাড়ি থেকে শুরু করে প্রাচীন মন্দির। পর্যটনের সবকরম রসদই মজুত রয়েছে একই বৃত্তে। এবার দুবরাজপুরকে কেন্দ্র করে বীরভূমের পর্যটন মানচিত্রকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা করছে জেলা প্রশাসন। পাহাড়েশ্বরের মামা-ভাগ্নে পাহাড়, হেতমপুর রাজবাড়ি, নীলনির্জন জলাধার, সতীপীঠ বক্রেশ্বর থেকে শুরু করে অদূরের জয়দেব-কেন্দুলি, পাথরচাপুড়ি ও রাজনগর, সবকটিকে এক সুতোয় বেঁধে একটি পূর্ণাঙ্গ পর্যটন সার্কিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আর্থিক অনুদানে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। ইতিমধ্যেই দপ্তরের তরফে সবুজ সংকেত মিলেছে এবং চূড়ান্ত পরিকল্পনাও পাঠানো হয়েছে।

Advertisement

দুবরাজপুর শহরের এক প্রান্তে প্রকৃতির খেয়ালে ভারসাম্য রেখে দাঁড়িয়ে থাকা বিশালাকার গ্রানাইট পাথরের খণ্ডই মামা-ভাগ্নে পাহাড়। ১৯৬২সালে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘অভিযান’-এর হাত ধরে যা বিশ্বজুড়ে পরিচিতি পায়। শীতের মরশুমে পাহাড়েশ্বরে ভিড় উপচে পড়লেও পরিকাঠামোর অভাব দীর্ঘদিনের। পাশাপাশি, দুবরাজপুরের আর এক গর্ব প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়। বাংলা সংস্কৃতির অমূল্য সম্পদ এই দিকপালের আদি বাড়িটিকেও নতুন পর্যটন সার্কিটে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দুবরাজপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে ঐতিহাসিক হেতমপুরের প্রাচীন রাজবাড়ি। সেই স্থাপত্যও এই সার্কিটের অন্যতম আকর্ষণ হতে চলেছে। ব্রিটিশ আমলের দুবরাজপুর স্টেশনের উপর শহরের বাসিন্দারা ছাড়াও খয়রাশোল, রাজনগর ও লাগোয়া ঝাড়খণ্ডের বহু মানুষ নির্ভরশীল। পর্যটন সার্কিট গড়ে উঠলে এলাকার আর্থ-সামাজিক ছবিটাই বদলে যাবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
দুবরাজপুর থেকে মাত্র ছ’কিলোমিটার দূরেই রয়েছে ‘নীলনির্জন’ জলাধার। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০০১সালে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগেই প্রায় ২,৬৬৭ একর জায়গাজুড়ে জলাশয়টি তৈরি হয়েছিল। অতীতে একে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা থমকে যায়। এবার নীলনির্জনকে ঘিরে ইকো-কটেজ, সুসজ্জিত পার্ক, শৌচাগার ও আধুনিক আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, ১০ কিলোমিটার দূরে সতীপীঠ ও উষ্ণ প্রস্রবণের তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধাম দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও উপেক্ষিত বলে অভিযোগ। কয়েক কোটি টাকা ব্যয়ে বক্রেশ্বরকেও ঢেলে সাজা হবে।
এছাড়া দুবরাজপুর থেকে মাত্র ৪০মিনিটের দূরত্বে অবস্থিত জয়দেব-কেন্দুলি, পাথরচাপুড়ির মাজার এবং বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরের রাজবাড়িকেও এই পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। জয়দেব-কেন্দুলিতে অজয় নদের ঘাট সংস্কারের পাশাপাশি জরাজীর্ণ পুরানো মঞ্চটির বদলে ঠিক উলটোদিকে থানার সামনে একটি নতুন মঞ্চ গড়া হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, দুবরাজপুরকে কেন্দ্র করে আশপাশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে বিস্তারিত পরিকল্পনা পাঠানো হয়েছে। কাজ শেষ হলে জেলায় পর্যটকদের আনাগোনা যেমন বাড়বে, তেমনই স্থানীয় স্তরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে।