নানুরে রতন শেখ এনকাউন্টারের তদন্তে সিআইডি
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: রতন শেখ এনকাউন্টার-কাণ্ডের তদন্ত শুরু করল সিআইডি। শুক্রবার সিআইডি পাঁচ সদস্যের একটি দল নানুরের উচকরণ গ্রামের কাছে পরিত্যক্ত ইটভাটায় পৌঁছায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই ইটভাটাতেই গুলিবিদ্ধ হয়েছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। এদিন ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ তদন্তের পর দলটি নানুর থানায় যায়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন আধিকারিকরা। এরপর থানা থেকে বেরিয়ে যান তাঁরা। পুলিশের এক আধিকারিক জানান, এনকাউন্টার-কাণ্ডের তদন্তভার সিআইডির হাতে যাওয়ায় তদন্তের প্রাথমিক প্রক্রিয়া শুরু করতে আধিকারিকরা এসেছিলেন। নির্দিষ্ট পদ্ধতি মেনেই তাঁরা তদন্ত করেছেন বলে সূত্রের খবর।

Advertisement

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রবিবার নানুরের উচকরণ সংলগ্ন পরিত্যক্ত ইটভাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রতন শেখের। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হলে রতন পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পালটা গুলিতে তার মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল ও গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এবার ঘটনার তদন্তভার হাতে নিয়ে তদন্ত শুরু করল সিআইডি।